
বিনোদন ডেস্ক: | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | প্রিন্ট | ২২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘদিন পর নিউইয়র্কে কন্ঠশিল্পী তানভীর শাহিন একক সঙ্গীতানুষ্ঠান হতে যাচ্ছে।
দীর্ঘ ৩৫ বছরের মিউজিক ক্যারিয়ারে তিনি আমেরিকায় একক কনসার্ট করেছেন বেশ কম। তানভীর শাহিন বলেন, ‘দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছি প্রায় ৩০ বছর। এর মাঝে নিয়মিত দেশে গিয়ে নিজের অ্যালবাম করেছি। দেশে শো করেছি।
আমেরিকা ও আমেরিকার বাইরে একাধিক দেশে স্টেজ শো করেছি। কিন্তু নিজের একটি একক সঙ্গীতানুষ্ঠান এভাবে কখনও করা হয়নি।’ তানভীর শাহিনের এই কনসার্টটির আয়োজক পিজি প্রডাকশন হাউজ। আগামী ১৬ জুলাই নিউইয়র্কের হিন্দু টেম্পল সোসাইটি অডিটরিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির সঙ্গীতায়োজন করছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিউজিক দল ‘মাটি ব্যান্ড’।
উল্লেখ্য, তানভীর শাহিন নব্বই দশকের শুরু থেকেই ঢাকায় গানের সঙ্গে যুক্ত। কিংবদন্তী সঙ্গীতজ্ঞ লাকী আখন্দ ও আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীতে একাধিক গান করেছেন তিনি। তানভীর শাহিন বলেন, ‘লাকী আখন্দর সাথে আমার দীর্ঘকালের স্মৃতি। আমাকে তার সুরে গান বেঁধে দিয়েছেন। শুধু তাই নয় তার কয়েকটি গান আমাকে রিমেক করে গাইবার অনুমতিও দিয়েছিলেন তিনি।
আমার সর্বশেষ একক ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামটিতে লাকী আখন্দর সেই গানগুলো রয়েছে। এছাড়া আলাউদ্দিন আলীকে আমি বাবা বলে সম্বোধন করতাম। এক বৈঠকে তার সঙ্গে গান করার সুযোগ পেয়েছি।
তিনি বিভিন্ন সময় আমাকে গানের ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছেন। ইচ্ছে আছে ১৬ জুলাইয়ের কনসার্টে আমার প্রিয় এই বরেণ্য মানুষদের স্মরণ করে গান গাইবার।’ তানভীর শাহিন সান্নিধ্য ও সাহচার্য পেয়েছেন আরো একাধিক বরেণ্য সঙ্গীতজ্ঞর। এই তালিকায় রয়েছেন কিংবদন্তী মান্না দে ও শাহনাজ রহমত উল্লাহর মতো ব্যক্তিত্বরা।
শিল্পী মান্না দে, নিউইয়র্কে তানভীর শাহিনের নিজস্ব স্টুডিও ‘থ্রি এম’-এ এসেছিলেন। মান্না দে সিগনেচারকৃত একটি হারমোনিয়াম উপহার দেন তানভীরকে। আয়োজক হিসেবেও তানভীর শাহিন কাজ করেছেন। শিল্পী হিসেবে বলিউড অ্যাওয়ার্ডশো, জ্যামাইকান কমিউনিটি, সাউথ আফ্রিকান কমিউনিটি থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন স্টেটের একাধিক সমৃদ্ধ আয়োজনগুলোতে পারফর্ম করেছেন তিনি।



