Advertisement Placeholder

শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া রাজাপাকসে!

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া রাজাপাকসে!

শ্রীলঙ্কার এক আইনপ্রণেতা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এমপি বন্দুলা গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রাজাপাকসে আত্মগোপনে ছিলেন না। তবে তার দেশে ফেরার তারিখ জানা যায়নি। বুধবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

এর আগে চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ থেকে পালিয়ে যান গোতাবায়া। প্রথমে তিনি একটি সামরিক বিমানে করে মালদ্বীপে পালান। সেখান থেকে তিনি ১৪ জুলাই সিঙ্গাপুর যান। বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় অর্থনীতিতে গোতাবায়ার ভুল সিদ্ধান্তের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

এদিকে সিঙ্গাপুর পৌঁছার পর দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল, সিঙ্গাপুরে থাকার জন্য গোতাবায়া রাজনৈতিক আশ্রয় চাননি। দেশ থেকে পালানোর সময় তার সঙ্গে স্ত্রী এবং দুই দেহরক্ষী ছিলেন। সিঙ্গাপুর যাওয়ার পর গুঞ্জন ছিল, তিনি হয়তো সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।

মঙ্গলবার বন্দুলা গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, আমার জানামতে তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কানরা গোতাবায়া রাজাপাকসে প্রশাসনকে দায়ী করেন। দেশটির নাগরিকরা কয়েক মাস ধরে প্রতিদিন বিদ্যুৎহীন থাকছেন এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক পণ্যের চরম ঘাটতির সঙ্গে লড়াই করছেন।

এদিকে পালিয়ে গিয়ে প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন তারই ঘনিষ্ঠ মিত্র রনিল বিক্রমাসিংহে। গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদিও তিনি শ্রীলঙ্কার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নন।
রাজাপাকসেকে থাকতে দেওয়ার মেয়াদ বাড়াল সিঙ্গাপুর
অপরদিকে, নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের সিঙ্গাপুরে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে দেশটি। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি থেকে গোতাবায়াকে এখনই বের হয়ে যেতে হবে না। বুধবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে অতিরিক্ত ১৪ দিনের জন্য দেশে অবস্থানের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দু’টি সূত্র বুধবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এছাড়া দুই সপ্তাহ আগে সিঙ্গাপুরে আশ্রয় নেওয়া রাজাপাকসেকে ইস্যু করা স্বল্পমেয়াদী ভিজিট পাসের মেয়াদ বাড়ানো হয়েছে বলে কলম্বো ও সিঙ্গাপুরের দু’টি পৃথক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, নতুন এই সিদ্ধান্তের ফলে রাজাপাকসে এখন আগামী ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন। তবে গোতাবায়া রাজপাকসের অবস্থানের মেয়াদ বাড়ানো হয়েছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সিঙ্গাপুরের ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার