
বিনোদন ডেস্ক: | সোমবার, ০৬ জুন ২০২২ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বিগত কয়েক দিনে বলিউডের একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার এল বলিউড বাদশার করোনা আক্রান্তের খবর। একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমাটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর এল।
দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, করণ জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খানও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’-এর পোস্টার। অভিনেতা জানিয়েছেন, ২০২৩ সালের ২ জুন হিন্দিসহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। একই বছর মুক্তি অপেক্ষার রয়েছে তার আরও দুই সিনেমা ‘পাঠান’ এবং ‘ডানকি’।
এদিকে, শাহরুখের করোনাক্রান্তের খবর শুনে দুশ্চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। টুইটারে এই আলোচিত রাজনীতিবিদ লিখেছেন, ‘সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের শুভেচ্ছাদূত শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ। তাড়াতাড়ি কাজে ফিরে এসো।’
পশ্চিমবঙ্গ এবং মমতার সঙ্গে শাহরুখের দারুণ সম্পর্ক। মমতাকে তিনি দিদি বলে সম্বোধন করেন। সেই সঙ্গে মমতাও শাহরুখকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন। অতীতে একাধিকবার কলকাতায় এসেছেন এসআরকে। পশ্চিমবঙ্গকে ভালোবেসে বাংলা ভাষায় বক্তব্যও দিয়েছিলেন।
অপরদিকে, সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাহরুখ। এর নাম ‘জাওয়ান’। দক্ষিণী সিনেমার সফল নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাহরুখের সঙ্গে থাকছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
সিনেমাটির একঝলক প্রকাশ করা হয় গত ৩ জুন। মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউ ও লাইক পাওয়া অ্যানাউন্সমেন্ট টিজারের রেকর্ড গড়ে ‘জাওয়ান’। বলাই বাহুল্য, শাহরুখকে এমন অ্যাকশন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।



