
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | সোমবার, ২২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বাবা মায়ের একমাত্র পুত্র, অত্যন্ত মেধাবী এবং বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) এবং ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯) শুক্রবার (১৯ আগস্ট) রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। দুর্ঘটনাকবলিত জিপে থাকা এ দুই বন্ধু-সহপাঠির আরো ৩ বন্ধু গুরুতরভাবে আহত হয়েছেন। তারা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। জিপ চালাচ্ছিলেন যসোয়া।
নিউজার্সি স্টেটের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশের পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন শহরের ২৩ রুট এবং উডহ্যাল রোডে একটি মার্সিডিজ গাড়ির সাথে সংঘর্ষে অকুস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়েছে। গুরুতর অবস্থায় নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান। অন্যেরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ২১ আগস্ট দুপুরে প্রাপ্ত সংবাদে জানা গেছে। নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েছেন বলে প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন। সালাম উল্লেখ করেন যে, হতাহতরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছেন। ভিকটিম
পরিবারের উদ্ধৃতি দিয়ে এম এ সালাম আরো জানান, পাঁচ বন্ধু নিকটস্থ একটি দোকানে আইসক্রিম ক্রয় করতে যাবার পথেই মর্মন্তুদ এই দুর্ঘটনার শিকার হন। এ সংবাদে কম্যুনিটিতে কান্নার রোল পড়েছে। মসজিদ সমূহে বিশেষ মোনাজাতর সময় অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন। কারণ এরা ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র এবং মেধাবী। মা-বাবা শুধু নন, কম্যুনিটির প্রতিটি সদস্য ভাবতেন যে ওরা আমেরিকান স্বপ্ন পূরণের পথে দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছেন।
উল্লেখ্য, নিহত শাহরিয়ার উদ্দিন আহমেদ ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং অ্যাপ চালু করেছেন হোমওয়ার্কে সহযোগিতার জন্যে।
অপরদিকে শাকিল আলী ছিলেন ইউনিভার্সিটিতে চালু ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক। অ্যামাজনের ইন্টার্ন হিসেবে কর্মরত শাকিল ট্রেজারার ছিলেন ‘রোহ ক্যাপ্পা অনর সোসাইটির।
এদিকে, নিহতদের দাফন-কাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার অভিপ্রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৫ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মী’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্য নির্দ্ধারণ করে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫৫৪৫ ডলার দিয়েছেন বলে জানা গেছে।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায় যে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে ১-৮৭৭-৩৭০-৭২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত দু’বন্ধুর লাশ রবিবার (২১ আগস্ট) পর্যন্ত মর্গে রয়েছে। ময়না তদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তরের পরই জানাযার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এম এ সালাম।



