Advertisement Placeholder

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা : হাইকোর্টে আগাম জামিন আবেদন করলেন প্রথম আলো সম্পাদক

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা : হাইকোর্টে আগাম জামিন আবেদন করলেন প্রথম আলো সম্পাদক

রাজধানী ঢাকার রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। রবিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

তিনি বলেন, হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে আজই তার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৯ মার্চ মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। মামলাটি তদন্তের জন্য রমনা থানার একজন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটো কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি ছিল একটি শিশুর। এই অসঙ্গতির বিষয়টি সংশোধন করে আবার অনলাইনে প্রকাশ করা হয়। সেই সঙ্গে মূল প্রতিবেদনের শিরোনামও সংশোধন করা হয়।

পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে এরই মধ্যে এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের হয়। মামলা দুটির মধ্যে প্রথমটির বাদী ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মো. কিবরিয়া। অপরটির বাদী আইনজীবী আবদুল মালেক, যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার