
লাইফস্টাইল ডেস্ক: | মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয়ের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে চায়ের নাম। অনেকে বলে থাকেন, তিনবেলা খাবার না হলেও চলে তবে দিনের মধ্যে কয়েক কাপ চা না হলে চলে না। কেউ কেউ তো দিনে অন্তত আট-দশ কাপ চা খেতে পছন্দ করেন। তবে বেশি চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে বিশেষজ্ঞদের অভিমত। নিচে অতিরিক্ত চা খাওয়ার কয়েকটি উপকারিতার কথা নিচে তুলে ধরা হলো :
পেট খারাপের সম্ভাবনা : প্রত্যেকেরই শরীরের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ থাকে। তার থেকে বেশি খেয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন আপনি যদি চা বেশি খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পড়বে পুরো শরীরে। এর ফলে পেট খারাপের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। তাই পেট খারাপ থেকে দূরে থাকতে চাইলে চা খাওয়ার পরিমাণ সীমিত করতে হবে।
ক্ষুধা নষ্ট : খাবারের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাওয়াও কিন্তু একটি বড় ধরনের সমস্যা। আপনি যখন দিনের পর দিন অতিরিক্ত চা খেতে থাকবেন, তখন স্বাভাবিক খাবারের প্রতি আপনার রুচি বা আগ্রহ চলে যাবে। সহজ ভাষায় যাকে বলে ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া। ক্ষুধা নষ্ট হয়ে গেলে অন্যান্য খাবার খাওয়া হয় না। ফলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন।
অনিদ্রা : ঘুম না আসা নিয়ে অভিযোগ করার আগে খেয়াল করুন, এর জন্য আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দায়ী নয় তো? অতিরিক্ত চা খাওয়ার কারণে ঠিকভাবে ঘুম আসে না। তাই দিনের বেলা চা কম খান। সন্ধ্যার পর চা খাওয়া থেকে বিরত থাকুন। এতে অনিদ্রার সমস্যা কাছে ঘেঁষতে পারবে না।
হজমে সমস্যা : যেকোনো খাবারই বেশি খেলে প্রথমেই দেখা দেয় হজমে সমস্যা। সেইসঙ্গে হতে পারে পেটে ব্যথা, অস্বস্তি, বমি ইত্যাদি। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চা খেলে হজমের সমস্যার পাশাপাশি হতে পারে বুকে ব্যথাও। হজমে সমস্যা ও অনিদ্রার কারণে আপনার মেজাজ একটুতেই খিটখিটে হয়ে যাবে।
তাহলে দিনে কতটুকু অর্থাৎ কত কাপ চা খাওয়া যাবে এ নিয়ে নানা মত থাকলেও বিশেষজ্ঞদের মতে, দিনে দুইবার চা খাওয়া যেতে পারে। এই অভ্যাস শরীরের জন্য উপকারীও। কিন্তু অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস আপনাকে অসুস্থ করে দিতে পারে।



