Advertisement Placeholder

‘স্পাইসি’ গান নিয়ে বিতর্কে জড়ালেন জেফার

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘স্পাইসি’ গান নিয়ে বিতর্কে জড়ালেন জেফার

দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরেছেন বর্তমান সময়ের পরিচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। সম্প্রতি ‘স্পাইসি’ শিরোনামে একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। ‘ওকেব্রো রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

জেফারের নতুন এই গানে নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জেফার। যেখানে তিনি বলেছেন, সমালোচনা নিয়ে ভাবছেন না। পাশাপাশি পুরো বিষয়টি নিয়েও লজ্জিত নন তিনি।

এক সাক্ষাৎকারে জেফার বলেন,যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই। এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন, তারা বুঝতে পারছেন।’

এই সংগীতশিল্পী আরও বলেন, ‘যারা নতুন বা বয়সে ছোট, তারা বুঝতে পারছে না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে।’

সামাজিক মাধ্যমে বিভিন্ন ট্রল ও সমালোচনা প্রসঙ্গে জেফারের ভাষ্য, ‘ট্রলকে কখনো পাত্তা দিই না। আমার যোগ্যতা সম্পর্কে জানি। আমি কী করতে পারি, সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে আসছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না।’

জেফার মনে করেন, তাকে নিয়ে যেই সমালোচনা হচ্ছে সেটা অন্য কারো ক্ষেত্রে হলে তার জন্য মানিয়ে নেওয়া কঠিন হতো। তবে এই বিষয়গুলো নিয়ে কখনোই ভাবেন না তিনি।

এই শিল্পীর কথায়, ‘আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়েচড়ে যেত। আমাকে এইসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। গানে র‍্যাপ অংশটুকু গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ।

প্রসঙ্গত, জেফার রহমান বাংলাদেশের বর্তমান সময়ের একজন মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ। তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে সম্প্রতি অভিনেত্রী হিসেবেও পরিচয় লাভ করেছেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার