
বিনোদন ডেস্ক: | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। গাড়ির যন্ত্রাংশ চুরির সময় বাধা দিলে তাকে গুলি করে চোর। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মে ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাদের বাধা দিতে গেলে একজন চোর গুলি করেন।
ওয়াক্টরের মা স্কারলেট জানিয়েছেন, তার ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তার গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন- এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তার ছেলেকে। পরে কথিত ওই চোর তার দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় সর্বশেষ খবর পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।



