
বিনোদন ডেস্ক: | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে

এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে আবারও গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘শাখা প্রশাখার প্রভাব’। এক নির্ঝরের গান প্রকল্পের নতুন আয়োজন ‘যেটা আমাদের নিজের মতোন’র জন্য গানটি রেকর্ড করা হয়েছে। প্রকাশ করা হয়েছে গানশালা ইকেএনসি’র ইউটিউব চ্যানেলে।
এ আয়োজন নিয়ে শিল্পী ফাহমিদা নবী বলেন, নির্ঝরের সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতি কবিতা ও সুরের বৈচিত্র্য যতটা মুগ্ধ করে, ততটাই বিস্মিত করে সৃষ্টির অভিনব চিন্তাধারা দেখে। ‘শাখা প্রশাখার প্রভাব’ তেমনই একটি গান, যা অনেকদিন শ্রোতার মনে অনুরণন তুলে যাবে বলে আমার বিশ্বাস।’
স্রোতের বিপরীতে গিয়ে এর আগে এনামুল করিম নির্ঝর প্রকাশ করেছিল নানা ধাঁচের ১০১ গানের সংকলন ‘এক নির্ঝরের গান’। সময়কে ছাপিয়ে যাওয়া সেই গানগুলো শ্রোতার মনেও ছাপ ফেলেছিল। ৯ বছর পর আরও একবার বৃহৎ পরিসরে সংগীতের নতুন আয়োজন করেছেন নন্দিত এই গীতিকবি, সুরকার, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা। ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের নতুন এই উদ্যোগ ৫৪ জন শিল্পীকে নিয়ে; যাদের গাওয়া ৬৩টি গান প্রকাশ করার হবে বছরের বিভিন্ন প্রান্তে।
আয়োজকরা জানিয়েছেন, একসঙ্গে নয়, ৭টি করে গান মোট ৯টি পর্বে ভাগ করে প্রকাশ করা হবে। এরই মধ্যে যার সূচনা হয়েছে বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতোন’ গানটির প্রকাশনা দিয়ে। এবার এলো ফাহমিদা নবীর ‘শাখা প্রশাখার প্রভাব’। প্রকাশ পেতে যাওয়া গানের তালিকায় আরও রয়েছে ‘আলো কি আটকানো’, ‘হলফনামার হরফ গুনে’, ‘যুগলবন্দি মন’, ‘কামড় মানে কামড়ানো’, ‘ঝোলমাখা ঠোঁটে’ ইত্যাদি। প্রতিটি গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এনামুল করিম নির্ঝর। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা, অর্ণব, কোনালসহ কয়েক প্রজন্মের শিল্পীরা।



