
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

দফায় দফায় হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে মোটেই সহজভাবে নেয়নি চীন। ন্যান্সির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র উইউ কিয়ান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
উইউ কিয়ান বলেন, ‘চীনের পিপলস লিবারেশন আর্মি অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা (তাইওয়ানে) সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা তাইওয়ানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালাবে।’
‘চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের দমন এবং তাইওয়ানের স্বাধীনতার নামে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বহিরাগত শক্তির অযাচিত নাক গলানোর জবাব হিসেবেই পরিচালিত হবে এ অভিযান।’
পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফর করতে সোমবার (১ আগস্ট) ওয়াশিংটন ত্যাগ করেন পেলোসি। এই সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সফরের সূচি ছিল তার। তবে তাইওয়ান সফর করবেন কিনা এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।
তবে তিনি ওয়াশিংটন ছাড়ার আগেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে চাউর হয়ে যায়— চলতি এ সফরে তাইওয়ানেও যাবেন তিনি। যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এ বিষয়ে নিশ্চিত করেন।
অবশেষে সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে এবং চীনের হুশিয়ারি উপেক্ষা করেই মঙ্গলবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপেতে পৌঁছান স্পিকার পেলোসি। সেখানে তিনি রাত্রিযাপন করবেন বলেস তাইওয়ানের কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে।



