
বিনোদন ডেস্ক: | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে এখন ঢাকায় আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ১৫ জানুয়ারি ঢাকায় আসেন তিনি। এই আয়োজনে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’-এর প্রদর্শনী হয় ১৬ জানুয়ারি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শ্রীলেখার সিনেমার প্রথম প্রদর্শনী হয়। প্রদর্শনীর পর দর্শকের সামনে সিনেমাটি নিয়ে কথাও বলেন এই অভিনেত্রী। একই মিলনায়তনে ২১ জানুয়ারি বেলা ১টায় সিনেমার আরেকটি প্রদর্শনী রয়েছে।
শ্রীলেখার ‘এবং ছাদ’ এর গল্প উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা।
বাংলাদেশি সিনেমা ‘জেকে-১৯৭১’ প্রদর্শনের মধ্য দিয়ে ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। ২২ জানুয়ারি পর্যন্ত ৭০টি দেশের ২৫৪টি সিনেমা দেখানো হবে। বিভিন্ন বিভাগের সেরা সিনেমার জন্য রয়েছে পুরস্কার। শ্রীলেখার সিনেমাটি নির্বাচিত হয়েছে নারী নির্মাতা বিভাগে।
‘এবং ছাদ’ শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে তার।
উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তারা।



