
বিনোদন ডেস্ক: | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নেপালের পোখারায় ১৫ জানুয়ারি ৭২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় লোক সংগীতশিল্পী নীরা ছান্তিয়াল। নীরার বোন হীরা ছান্তিয়াল তার মরদেহ শনাক্ত করেছেন। খবর ডিএনএ।
হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে এই বিমানে পোখরা যাচ্ছিলেন নীরা। ১৫ জানুয়ারি পোখারায় নারী-পুরুষদের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল নীরার। কিন্তু বিমান দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেলো।
গত ১৪ জানুয়ারি নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নীরা লিখেন, ‘কাঠমান্ডুর অনুষ্ঠান শেষ। আগামীকাল পোখরা দর্শকদের জন্য আসছি।’ ১৫ জানুয়ারি সকাল ১০টা ২৬ মিনিটে সর্বশেষ স্ট্যাটাস দেন নীরা। তাতে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান এই শিল্পী।
নেপালের বাগলুংয়ের কন্যা নীরা। বসবাস করতেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
জানা যায়, বিমানকর্মী, যাত্রীসহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ‘২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানটিতে ছিলেন।’ বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।



