Advertisement Placeholder

‘পাঠান’ দেখতে মানুষের ঢল, মুক্তির ৪ ঘণ্টার মধ্যেই ওয়েবে ফাঁস

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘পাঠান’ দেখতে মানুষের ঢল, মুক্তির ৪ ঘণ্টার মধ্যেই ওয়েবে ফাঁস

২৫ জানুয়ারি, শীতের সকাল। কুয়াশার রেশ তখনও কাটেনি। ঘড়ির কাঁটায় সময় বলছে ৬.১৫ মিনিট। সূর্যও উঁকি দেয়নি। রাস্তায় তেমন ভিড় নেই। কিন্তু দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে চিত্রটা অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা। বেশ ভিড়। দলে দলে মানুষ ঢুকছেন। কোনো বিপনি বিতানে বিশেষ ছাড়ও চলছে না। তাহলে? নিরাপত্তাকর্মীদের আলোচনায় স্পষ্ট হলো বিষয়।

শাহরুখ খান অভিনীত ‘পাঠান ’মুভির প্রথম দিনের প্রথম শো। শাহরুখ ভক্তদের আর অপেক্ষা সইছে না। এদিকে মাল্টিপ্লেক্সের বাইরে লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। এর মধ্যে আবার কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। হাই তুলছেন কেউ কেউ। উত্তেজনায় হয়তো কেউ সারা রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। ফুড কর্নার থেকে নেওয়া গরম কফির কাপটাই তখন একমাত্র ভরসা।

‘পাঠান’র অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। সিনেমাটি মুক্তির আগের দিন ২৪ জানুয়ারি সকালে জানা যায়, আইনক্স সকাল ৭টার ও আগে এই ছবির শো-এর ব্যবস্থা করেছে।

সংস্থার রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) অমিতাভ গুহ ঠাকুরতা বলেন, দর্শকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সাধারণত ইংরেজি ছবির ক্ষেত্রে আমরা সকাল ৭টায় শো দিই। কিন্তু হিন্দি ছবির ক্ষেত্রে অনেক বছর পর এত সকালে শো দেওয়া হলো। প্রথমদিন শহরের বেশির ভাগ মাল্টিপ্লেক্সই সকালের শো রেখেছে। বক্স অফিসের ভাগ ছাড়তে কেউই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়।

এদিকে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫ জানুয়ারি বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘পাঠান’।

এদিন ভোর ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম। প্রথম দিনে সিনেমাটির টিকিট বিক্রির অঙ্ক ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। চওড়া হাসি হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মুখে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, শাহরুখের হাত ধরেই ‘সুদিন’ ফিরছে বলিউডের।

তবে আশঙ্কা ছিল, যাতে কোনোভাবেই মুক্তির আগে সিনেমাটি অনলাইনে ফাঁস না হয়ে যায়! বারবার দর্শকদের আহ্বান জানিয়েছে সিনেমাটির প্রযোজক ‘যশরাজ ফিল্মস্‌’। আবেদন জানিয়েছিলেন শাহরুখও। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘পাঠান’।

সূত্রের খবর, মুক্তির ঘণ্টা চারেক আগেই ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’।

তবে তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িতরা। রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে সিনেমাটি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার