
বিনোদন ডেস্ক: | সোমবার, ২০ জুন ২০২২ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সশস্ত্রবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ নামে একটি প্রকল্পবিরোধী বিক্ষোভ। দেশটির পঞ্জাব, কেরালা, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানাসহ আরও কয়েকটি রাজ্যে ঘটেছে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা। এমন পরিস্থিতিতে ‘অগ্নিপথ’ ইস্যু নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, দেশের নবীন প্রজন্মের অনেকে পাবজি খেলে কিংবা মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে, সে প্রসঙ্গও টেনেছেন তিনি। কঙ্গনা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলের মতো বহু দেশে যুবকদের জন্য আর্মি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের বছরগুলোতে প্রতিটি সেনাকে একটি নিয়মের মধ্য দিয়ে চলতে হয়।
জাতীয়তাবাদ কী এবং নিজের দেশমাতৃকাকে সুরক্ষা করার মানেই বা কী- এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা শিখতে পারেন। অনেক আগে প্রত্যেক সন্তানকে গুরুকুলে থাকতে যেতে হতো। অগ্নিপথ প্রকল্পও অনেকটা সে রকমই। পার্থক্য শুধু এখানে প্রশিক্ষণকারীদের টাকাও দেওয়া হবে।’ কঙ্গনা এবারই প্রথম নয়াদিল্লির কৃষক আন্দোলনের সময়ও ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। এর আগে নানা বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়। এর পর থেকে ইনস্টাগ্রামে নিজের মনের কথা বলেন বলিউডের এই ‘বিতর্কিত রানী’।
এদিকে, ভারতের সশস্ত্র বাহিনীতে তারুণ্য আনতেই ‘অগ্নিপথ’ নামে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির তিন বাহিনী। বিক্ষোভ-সহিংসতা হলেও এ প্রকল্প চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন করা হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।
বেশ কয়েক দিন ধরে এ প্রকল্প নিয়ে আগুন-সহিংসতা হয়েছে ভারতের কয়েকটি রাজ্যে। পুড়িয়ে দেওয়া হয়েছে ৩ শতাধিক ট্রেন। এমন প্রেক্ষাপটে ১৯ জুন ব্রিফিং করে ভারতীয় তিন বাহিনী। তুলে ধরে এর গুরুত্ব।
সংবাদ সম্মেলনে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে একটি কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে ভারতের সামরিকবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেন, সে যুদ্ধে বিপুলসংখ্যক সেনার বয়স ছিল ৩০ বছরের মধ্যে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
শীর্ষ এ সামরিক কর্মকর্তা আরও বলেন, আমাদের বাহিনীকে কীভাবে তরুণ করা যায়, তা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমরা বিদেশি বাহিনী নিয়েও পড়াশোনা করেছি। আমরা তরুণদের চাই। তরুণরা ঝুঁকি নিতে পারে, তাদের আবেগ আছে, জোশ অর হুঁশ দুটিই তাদের সমান। এ সময় জানানো হয়, সেনা, নৌ ও বিমানবাহিনীতে ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আগস্টে, আর শেষ হবে ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে তাদের পাঠানো হবে প্রশিক্ষণে। খবর এনডিটিভি।



