
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে চট্টগ্রামের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ-এর আত্মার শান্তি কামনা করে যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামবাসীর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি রবিবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ফাতেমা ইনস্যুরেন্স ব্রোকারেজ অফিসে। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপোষহীন, কর্মীবান্ধব জননেতা মোসলেম উদ্দিন আহমেদ।
যুক্তরাষ্ট্র প্রবাসী তারিকুল হায়দার চৌধুরী ও স্বীকৃতি বড়ুয়ার আহ্বানে দোয়া ও মিলাদ মাহফিলে মূলধারার রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকার, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন স্বপন, চট্টগ্রাম সমিতির নেতা আবু তাহের সহ বিপুলসংখ্যক প্রবাসী এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
শুরুতেই উপস্থিত নেতৃবৃন্দ মোসলেম উদ্দিন আহমেদ-এর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রিয় নেতা মোসলেম উদ্দিন আহমেদ ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে বীর দর্পে নেতৃত্ব দিয়েছেন,। আজ তিনি আমাদের মাঝে নেই, চট্টগ্রামের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। এরপর মোসলেম উদ্দিন আহমেদ-এর আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল। এসময় তুর্কী ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে নিহত ও আহত সকলের জন্যও দোয়া করা হয়।



