
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনের ভোলোদিমির জেলেনস্কি সরকার তার নিজের দেশের জাতীয় স্বার্থ নয়, বরং পশ্চিমা গুরুদের (মাস্টার্স) স্বার্থ রক্ষা করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া বার্ষিক ভাষণে পুতিন বলেন, কিয়েভ প্রশাসন ও তাদের পশ্চিমা গুরুরা দেশটির (ইউক্রেন) অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ইউক্রেন হামলার বর্ষপূর্তি সামনে রেখে ২১ ফেব্রুয়ারি দেওয়া ভাষণে এ মন্তব্য করেন পুতিন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক সংঘাতে মস্কোকে পরাজিত করা যাবে, এমন ভুল বিশ্বাসে ভর করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভাষণে পুতিন বলেন, তারা (জেলেনস্কি ও তার পশ্চিমা গুরুরা) ইউক্রেনের শিল্প ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশটিতে বিদ্যমান অবস্থার জন্য তারাই দায়ী বলেও ভাষণে বলেন পুতিন।
রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়া সামনের কাজগুলো সাবধানে এবং ধারাবাহিকভাবে সমাধান করবে।
তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছিল। কিন্তু পশ্চিমা-সমর্থিত ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় আক্রমণের পরিকল্পনা করেছিল। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের এই দ্বীপ ভূখণ্ড দখলে নেয় রাশিয়া।
পুতিন বলেন, পশ্চিমারা বিশৃঙ্খলা আর যুদ্ধের বীজ বপন করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বোতল থেকে ভূতকে বের করে দিয়েছে।
‘ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার ও তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যারা রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে।’



