
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে

দাবি আদায় হওয়ায় উচ্ছাস ট্যাক্সি ড্রাইভারদের। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
গত বছরের ১৯ ডিসেম্বর, এ বছরের ৫ জানুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি ধর্মঘট আর অবস্থান কর্মসূচির পর নিউইয়র্কের উবার/লিফট ড্রাইভারদের দাবি পূরণ হলো। ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি)’র ১ মার্চের শুনানির পর সাড়ে ৭ মাইলের ট্রিপ আধ ঘণ্টার মধ্যে অতিক্রম করলে ন্যূনতম ভাড়া পাবেন ২৬.৭৬ ডলার।
এটি আসবে ড্রাইভারের অ্যাকাউন্টে। অর্থাৎ আগের চেয়ে ড্রাইভার পাবেন ২.১৬ ডলার অর্থাৎ ৯% বেশি। ড্রাইভারদের জন্য এই অধিকার সংহত করলো টিএলসি। উল্লেখ্য, গত নভেম্বরে টিএলসি এ ধরনের একটি নির্দেশ জারি করলে তার বিরুদ্ধে আদালতে যায় উবার/লিফট কর্তৃপক্ষ। মাননীয় আদালত টিএলসিকে ড্রাইভারের পকেটে অধিক অর্থ প্রদানের সপক্ষে বিস্তারিত ব্যাখ্যা দিতে বললে সর্বশেষ এই শুনানির আয়োজন করে। এবং অবিশ্বাস্য হলেও সত্য যে, শুনানীর ৩ দিন পরই দাবি আদায়ের পথ সুগম করলো টিএলসি। এরফলে মুদ্রাস্ফীতির জাঁতাকলে পড়া ড্রাইভারদের মধ্যেও স্বস্তি এলো। এই আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স’র প্রধান নির্বাহী ভৈরবী দেশাই গভীর সন্তোষ প্রকাশ করেছেন কঠোর পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার আদায় হওয়ায়। এখন আন্দোলন চালানো হবে ডিঅ্যাক্টিভেশনের তোঘলকি কান্ড বন্ধের দাবিতে। উল্লেখ্য, ডিঅ্যাক্টিভেশনের বিরুদ্ধে সিটি কাউন্সিলে বিল উত্থাপন করতে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান।
এদিকে ড্রাইভারের আয় ৯% বৃদ্ধির দাবি আদায়ের ক্ষেত্রে কম্যুনিটির গণমাধ্যমসমূহের অকুন্ঠ সমর্থনের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের অন্যতম সংগঠক টিপু সুলতান। টিপু বলেন, আগের যে কোন সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ের ট্যাক্সি ধর্মঘট ও বিক্ষোভে বাংলাদেশি ড্রাইভারের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। এটা সম্ভব হয়েছে মিডিয়ার কারণে। টিপু সুলতান উল্লেখ করেন, কঠোর পরিশ্রমী ট্যাক্সি ড্রাইভাররা যদি এভাবে সুসংগঠিত থাকতে পারেন তাহলে ন্যায্য পারিশ্রমিক আদায় করা সহজ হবে। ঐক্যবদ্ধ শক্তি কখনো পরাজিত হতে পারে না-স্লোগানও যথার্থ হয়েই বিরাজ করবে।



