
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া উপদ্বীপের পর এবার ইউক্রেনের দখলকৃত বন্দরনগরী মারিউপোল সফরে গেছেন। খবর আল জাজিরা। ১৯ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস নিউজ। সংস্থাটি জানিয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। খবর আলজাজিরা।
২০২২ সালের মে মাসে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে মারিউপোল দখল করে রাশিয়া। এরপর থেকেই কৃষ্ণ সাগরীয় এ অঞ্চলটির নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে রয়েছে। ওই সময় শহরটিতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইউক্রেনের আজভ ব্রিগেডের সেনারা। কিন্তু তাদের আটকে ফেলে শহরটি দখল করে রুশ বাহিনী।
এদিকে, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এর একদিন পর শনিবার পুতিন ক্রিমিয়া উপদ্বীপে যান। সেখানে দ্বীপটির সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল সফর করেন। ওই সময় সেভাস্তোপোলের গভর্নরসহ রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতেই সেখানে গিয়েছিলেন তিনি।
তবে পুতিন যে মারিউপোল যাবেন এমন কোনো কিছু আগে জানানো হয়নি। হঠাৎ করেই তাস নিউজ তার এ সফরের কথা জানায়।
উল্লেখ্য, গত বছর মারিউপোলে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তোলায়, সেখানে প্রচণ্ড হামলা চালায় রাশিয়া। তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংসই হয়ে যায়। এছাড়া এ শহরের লড়াই নিয়ে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ। বর্তমানে শহরটি পুননির্মাণের কাজ করছে রাশিয়া।



