
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

আওয়ামী পরিবারের সবাইকে একযোগে কাজের নির্দেশ দিলেন সভাপতি শেখ হাসিনা। সামনের নির্বাচনে নৌকার প্রার্থীগণকে বিজয় প্রদানে প্রবাসীদের দায়িত্ব অনেক বেশি। কারণ বিশেষ একটি মহল যুক্তরাষ্ট্রে অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে আবারো থামিয়ে দিতে।
এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি মার্কিন বন্ধুদেরকে চলমান উন্নয়ন-অভিযাত্রার পক্ষে রাখতে হবে বলেও উল্লেখ করেছেন গণতান্ত্রিক বিশ্বে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড সৃষ্টিকারি শেখ হাসিনা। বিশ্বব্যাংকের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত শেখ হাসিনার সাথে নেতা-কর্মীদের সাক্ষাৎ ঘটে ২৯ এপ্রিল শনিবার।
ছোট ছোট গ্রুপে পর্যায়ক্রমে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। সে সময় অনেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটির দাবি জানালে শেখ হাসিনা উল্লেখ করেছেন, সামনের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন কোন বিবাদ-বিভক্তি নয়, সকলে যেন পরস্পরের সহযোগী হয়ে কাজ করেন। নির্বাচনের পর নয়া কমিটি অবশ্যই করা হবে। উল্লেখ্য, বেশ ক’বছর ধরেই নয়া কমিটির দাবিতে সোচ্চার তৃণমূলের নেতা-কর্মীরা। বিবাদ-বিভক্তির পরিপ্রেক্ষিতে, গত কয়েক বছর জাতিসংঘের অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হলেও মঞ্চে বসা দূরের কথা সমাবেশ পরিচালনার দায়িত্বও পাচ্ছেন না বিদ্যমান কমিটির নেতৃবৃন্দ।
এবার (২ মে মঙ্গলবার সন্ধ্যায়) ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলের সম্বর্ধনা সমাবেশে একই অবস্থার অবতারণা হলে অবাক হবার কিছু থাকবে না বলে গুঞ্জন উঠেছে। কারণ, বর্তমান কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনেকে ক্ষুব্ধ। তাকে সভাপতির আসনে বসানো হলে গোলযোগের আশংকা প্রবল বলে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। অপরদিকে, সাংগঠনিকভাবে অভিজ্ঞ নেতা-কর্মীরা উল্লেখ করেছেন, কমিটি যেহেতু ভেঙ্গে দেয়া হয়নি, তাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারের সমাবেশে সভাপতিত্ব করার দাবি রাখেন ড. সিদ্দিকুর রহমানই। সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থেই এটি জরুরী।
জানা গেছে, ২৯ এপ্রিল সভাপতি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করা বিভিন্ন গ্রুপে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, ডা. মাসুদুল হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইরিন পারভিন, হিন্দাল কাদির বাপ্পা, মাসুদ হোসেন সিরাজি, ইমদাদ চৌধুরী প্রমুখ। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এ মোমেনও ছিলেন সেখানে।



