
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে

নুরুল ইসলাম
বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম (৯৪)আর নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটের পটোম্যাক সিটিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এবং তাকে দাফন করা হয় ১০ মে দুপুরে।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। অধ্যাপক নূরল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত খাদ্য নীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) এমিরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন। সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহা-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ১০ মে বাদ যোহর পটোম্যাকে ইসলামিক কালচারাল সেন্টারে।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সর্বশেষ কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দিন আহমেদ, জাতিসংঘের উন্নয়ন-গবেষণা টিমের প্রধান ড. নজরুল ইসলাম, বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা ও লেখক ড.আব্দুন নূর, পেন্টাগনের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও লেখক বীর মুক্তিযোদ্ধা ড. আশরাফ আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ড. সিদ্দিক, বিএএআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবু সোলায়মান, কম্যুনিটি লিডার ওয়াহেদ হোসেনি, ড. মিজানুর রহমান, ড.সোয়েব চৌধুরী, ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক ড. আদনান মোর্শেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল বাহার চৌধুরী, মাসুমা খাতুন এবং ওয়ালি ফাহমি, ড. মহসিন সিদ্দিকী, ড. হাসান ইমাম-সহ মেট্র ওয়াশিংটনের বিশিষ্ট প্রবাসীরা জানাযায় অংশ নেন। এ সময় তার পুত্র নাঈম ইসলাম সকলের কাছে পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেন এবং তার বাবার আত্মার শান্তির জন্যে সকলের দোয়া প্রার্থনা করেন। জানাযার পরই তাকে নিকটস্থ আডেলফির রিগস রোডে জর্জ ওয়াশিংটন সিমেট্রি-তে দাফন করা হয়। এরপর সকলে বিশেষ মোনাজাতে মিলিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরম করুনাময়ের দয়া প্রার্থনা করেন।



