
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউএস সিনেটে ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান সিনেটর (ডেমক্র্যাট-নিউজার্সি) রবার্ট ম্যানেন্ডেজ বলেছেন, ‘এশিয়ায় সফরসূচি তৈরী হলেই বাংলাদেশে যাবো। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি দেখার জন্যেই দেশটি সফরের ইচ্ছা আছে।’ ১৩ মে শনিবার নিউজার্সি স্টেটে ফোর্ট লী অডিটরিয়ামে ‘এশিয়ান-আমেরিকান হেরিটেজ মাস’ উদযাপনী সমাবেশের ফাঁকে ‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম এ সালাম সিনেটর ম্যানেন্ডেজের সাথে বাংলাদেশ ইস্যুতে কথা বলার সময় তিনি বাংলাদেশের ব্যাপারে উচ্চাশা পোষণ করেন।
করোনা মহামারীকালে বাংলাদেশকে বিপুল পরিমাণের ভ্যাকসিন প্রদানের জন্য সিনেটরকে বাংলাদেশী আমেরিকানদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এম এ সালাম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং এলায়েন্সের প্রেসিডেন্ট সালাম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে এবং উন্নয়ন-অভিযাত্রা অব্যাহত রাখার স্বার্থেই আরো কয়েক বছর শেখ হাসিনার বাংলাদেশের নেতৃত্বে থাকা জরুরি বলে সিনেটরকে অবহিত করলে রবার্ট ম্যানেন্ডেজ বলেন, বাংলাদেশের মানুষেরা এই আমেরিকায়ও সাফল্য প্রদর্শন করছেন। নিজ দেশের উন্নয়নেও অবদান রেখে চলেছেন। বাংলাদেশের অবস্থা দেখার ইচ্ছা আমারও রয়েছে। তাই নিকট ভবিষ্যতে এশিয়া সফরে বের বলে অবশ্যই সেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে।
এম এ সালাম এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীর প্রসঙ্গও বিশেষভাবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির সক্রিয় সংগঠক হিসেবে এম এ সালাম নিউজার্সির জনপ্রতিনিধিদের সাথে নিবিড় সম্পর্ককে সুযোগ পেলেই বাংলাদেশের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেন।



