Advertisement Placeholder

চীনের প্রেসিডেন্ট শি-কে স্বৈরশাসক বললেন বাইডেন

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনের প্রেসিডেন্ট শি-কে স্বৈরশাসক বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ অ্যাখ্যা দিয়েছেন। ওয়াশিংটন-বেইজিং উত্তেজনা নিরসনের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফরে গিয়ে সোমবার প্রেসিডেন্ট শি-র সঙ্গে দেখা করার পরদিন বাইডেন এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন গুলি করে উড়িয়ে দেওয়ার ঘটনায় শি বিব্রত হয়েছিলেন। “যে কারণে শি জিনপিং খুবই বিচলিত হয়ে পড়েছিলেন, তা হল- আমি যখন ‘দুই বাক্স গাড়ি ভর্তি’ গোয়েন্দা সরঞ্জামসহ বেলুনটি গুলি করে নামিয়ে আনছি, উনি তখন জানেনই না যে বেলুনটি ওইখানে আছে।

“স্বৈরশাসকদের জন্য এটা খুবই বিব্রতকর, যখন তারা জানে না কী হয়েছে। সেটা (বেলুন) যেখানে ছিল, সেখানে যাওয়ার কথা ছিল না। পরে সেটিকে গুলি করে উড়িয়ে দেওয়া হয়,” ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন এসব বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারিতে সন্দেহজনক একটি চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছিল; ওই বেলুনটি ভূপাতিত করা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়কে ঘিরে সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে।

গত বছরের অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আরও ৫ বছরের জন্য শি-কে দেশটির শীর্ষ নেতা নির্বাচিত করে। এর ফলে শি এ বছরের মার্চে নজিরবিহীন তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হন, যা তাকে মাও জেদং পরবর্তী দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত করছে।

বাইডেন বলেছেন, চীন ‘সত্যিকারের অর্থনৈতিক সমস্যায়’ রয়েছে।

শিল্প উৎপাদন ও খুচরা বিক্রিতে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনুযায়ী না হওয়ায় মে মাসে চীনের অর্থনীতি খানিকটা হোঁচট খেয়েছে; মহামারী-পরবর্তী অর্থনীতির টালমাটাল পুনরুদ্ধার প্রক্রিয়াকে পথে ফেরাতে বেইজিংকে তাই আরও অনেক কিছু করতে হবে বলে ধারণা বিশ্লেষকদের।

চলতি মাসের শুরুর দিকে বিশ্ব ব্যাংক এ বছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাসে বলছে; জানুয়ারির পূর্বাভাসে এই প্রবৃদ্ধি ধরা হয়েছিল অর্ধেকেরও কম, মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।

এই বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে জুনের পূর্বাভাসে বলছে বিশ্ব ব্যাংক, জানুয়ারিতে এই পূর্বাভাস ধরা হয়েছিল ৪ দশমিক ৩ শতাংশ।

ব্লিনকেনের চীন সফর ওয়াশিংটন-বেইজিং উত্তেজনা প্রশমনে কোনো ‘ব্রেক থ্রু’ না দিতে পারলেও সোমবারের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি দুই দেশের মধ্যকার তুমুল প্রতিদ্বন্দ্বিতা যেন সংঘাতে না গড়ায় তার জন্য ‘স্থিতিশীলতার’ বিষয়ে একমত হয়েছিলেন।

তারা কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে এবং আসছে সপ্তাহ ও মাসগুলোতে আরও মার্কিন কর্মকর্তার চীন সফরের ব্যাপারে একমত হন। মঙ্গলবার পরের দিকে বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি শিগগিরই চীন সফরে যেতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট সোমবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ঠিক পথে আছে বলেই মনে করেন তিনি। ব্লিনকেনের সফরে অগ্রগতি হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এর পরদিনই তিনি শি-কে ‘স্বৈরশাসক’ অ্যাখ্যা দিলেন।

চীনের প্রেসিডেন্ট তথাকথিক কৌশলগত নিরাপত্তা জোট কোয়াড নিয়ে উদ্বিগ্ন বলেও জানান বাইডেন। প্রশান্ত মহাসাগরকেন্দ্রীক এই নিরাপত্তা জোটে যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, অস্ট্রেলিয়া ও ভারত আছে।

বাইডেন বলেন, কোয়াডের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে চীনকে ঘিরে ফেলার চেষ্টা করছে না, তা আগেও তিনি চীনের প্রেসিডেন্টকে বলেছেন। “তিনি আমাকে ফোন করে এটি (কোয়াড) করতে না করেছিলেন, কেননা এটি তাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল,” বলেছেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার