
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে

নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর সময় ট্রাফিক লাইন লংঘন করে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে সেই গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়। ২০২০ সালের ২০ নভেম্বরের ঐ অপরাধের বিচারে ৬ জুলাই বাংলাদেশী যুবক আলামিন আহমেদ (২৫)কে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই অপরাধে অপর বাংলাদেশি মীর ফাহমিদের (২৫) বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হবে আসছে আগস্টে। নিউইয়র্ক সিটির কুইন্স ক্রিমিনাল কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার বিবরণে প্রকাশ, ওইদিন ভোররাত ৪টার সময় দুজন প্রতিযোগিতামূলকভাবে ৯৭ মাইল বেগে গাড়ি চালিয়ে রেড লাইট অতিক্রম করে ইউনিয়ন টার্নপাইক দিয়ে যাবার সময় দক্ষিণ দিক থেকে একই পথ অতিক্রমকারি টয়োটা গাড়িকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে সেই গাড়ির ড্রাইভার ডেনিয়েল ক্রোফোর্ড (৫২) মারা যান। নিউজার্সি স্টেটের ব্লুমফিল্ড সিটি থেকে ডেনিয়েল তার কর্মস্থল কুইন্স হাসপাতাল সেন্টারে আসছিলেন। তিনি ছিলেন সেই হাসপাতালের ল্যাব-টেকনিশিয়ান অর্থাৎ রক্ত পরীক্ষা করতেন।
করোনাকালিন সময় হওয়ায় নিজের জীবন বিপন্ন জেনেও প্রতিদিন আসতেন কর্মস্থলে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেদিন অকুস্থল থেকে উদ্ধার করে ওই হাসপাতালের জরুরি বিভাগে আনার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। এই মামলায় দোষ স্বীকার করেছিলেন আলামিন, এজন্যে তাকে মাত্র ৭ বছরের দণ্ড দেয়া হয়। মীর ফাহমিদেরও একইধরনের দণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। আলামিন ও ফাহমিদ বাস করেন নিউইয়র্কের রাজধানী আলবেনীতে।



