
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে

ন্যাটো দেশগুলো প্রতিরক্ষা খাতে অধিক অর্থ ব্যয়ের অঙ্গিকার বেশ ক’বছর ধরে করলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সর্বশেষ রাশিয়া কর্তৃক ইউক্রেনে আগ্রাসনের পর কেবলমাত্র যুক্তরাষ্ট্র এ খাতে অনেক বেশী অর্থ ব্যয় করছে বলে নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১২ জুলাই টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০০৬ সালে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা একটি নির্দেশিকায় পরামর্শ দেয় যে, ন্যাটো সদস্যভুক্ত প্রতিটি দেশ তার বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের ২% সামরিক খাতে ব্যয় করবে। এমন সিদ্ধান্তের পরও প্রতিরক্ষা খাতে ব্যয়ের ক্ষেত্রে কোন অগ্রগতি ঘটেনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভুক্তি করার পর উদ্বিগ্ন ন্যাটোর রাষ্ট্র প্রধানরা নতুন করে অঙ্গিকার করেছিলেন যে তারা পরবর্তী দশকে প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ বাড়াবে। তবুও আজ অবধি অধিকাংশ দেশই তা করেনি। অথবা তা করতে ব্যর্থ হয়েছে। টাইমসের এ প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের নেতাদের হতাশার কারণে পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ বিশেষভাবে তা করতে অনিচ্ছুক ছিল। জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা উভয়েই তাদের প্রেসিডেন্সির সময় প্রতিরক্ষা খাতে ব্যয়ের এমন ব্যবধান সম্পর্কে অভিযোগ উঠিয়েছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প এহেন আচরণের জন্যে কয়েকটি দেশের সমালোচনা ও নিন্দাও করেছেন।
জার্মানী, ডেনমার্ক এবং ন্যাদারল্যান্ডের মত ধনী দেশগুলো সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ন্যূনতম আন্তরিকতা দেখায়নি বলে মন্তব্য করা হয়েছিল। জাপানের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। ন্যাটো দেশগুলোর নিরাপত্তা সুরক্ষায় বরাবরই যুক্তরাষ্ট্র অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং এজন্যে প্রতিরক্ষা খাতে তাদের ব্যয়ও অনেক বেশী হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এখন পরিস্থিতিতে পরিবর্তন আসছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার নগ্ন হামলার পর ইউরোপের দেশগুলো এ খাতে বরাদ্দ বাড়াতে কার্পণ্য করছে না বলে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডনে কর্মরত টাইমস ইকোনমিক্সের সংবাদদাতা প্যাট্রিসিয়া কোহেন এ প্রসঙ্গে বলেছেন, সামরিক চাহিদা এবং সামাজিক ব্যয়ের মধ্যে ব্যয় বরাদ্দের ক্ষেত্রে এটি স্পষ্টতই ইউরোপের জন্য একটি টার্নিং পয়েন্ট। প্যারিসভিত্তিক সংবাদদাতা লিজ অ্যল্ডারম্যান এটিকে এভাবে বলেছেন যে, ইউরোপিয় নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, হুমকিটি এখানেই সীমাবদ্ধ থাকবে। জার্মানী হয়তো তার অভ্যন্তরীণ উৎপাদনের ২% ব্যয় করবে সামনের বছর। ফ্রান্স অবশ্য অঙ্গিকারের কাছাকাছি ব্যয় করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁ এই দশকে এক তৃতীয়াংশেরও বেশী সামরিক খাতে ব্যয় করবেন বলে অঙ্গিকার করেছেন। অপর সদস্যরাষ্ট্রগুলোও এখন কিছুটা বেশী ব্যয় করছে অস্ত্র উৎপাদনের খাতে। প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জৗাক সুলিভান এমন মনোভাবকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ন্যাটোর চলতি বৈঠকে মার্কিন কর্মকতর্’ারা অন্যদেশগুলোকে কমপক্ষে ২% হারে প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্যে চাপ প্রয়োগ করেছেন।
এবং সময়ের কারণেই তা করতে হবে বলে জ্যাক সুলিভান মন্তব্য করেছেন। ন্যাটোর বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো তার বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের ২% ব্যয় করবে ২০২৫ সাল থেকে-এমন অঙ্গিকারের পুনর্ব্যক্ত করলেও গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ ৩.৭% ছাড়িয়ে গেছে। অর্থাৎ ন্যাটো সদস্যরাষ্ট্রগুলোর নিরাপত্তা সুরক্ষার দায় যেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রেরই-এমন অভিমত প্ষোণ করা হচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে।



