
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে নিজের কনসার্টে সাবিনা ইয়াসমিন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
হারানো দিনের জনপ্রিয় গানে সকল বয়সী দর্শক-শ্রোতাকে মাতালেন সাবিনা ইয়াসমিন। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পীর পুরো অনুষ্ঠান জুড়ে ছিল পিনপতন নিরবতা এবং গানের শেষে ঝলসে উঠার করতালি। গানের সাগরে বিদগ্ধ প্রবাসীদের ভাসিয়ে নেয়ার এ আসর বসেছিল শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে।
বিশ্ব বাঙালির আরাধ্য শিল্পী সাবিনা ইয়াসমিনের এই একক সঙ্গিতানুষ্ঠানের আয়োজন করেছিল ‘পিজি গ্রুপ’। দেশের গান দিয়ে শুরু করে সিনেমায় গাওয়া তার সবচেয়ে জনপ্রিয় গানগুলো পরিবেশনের আগে গীতিকার, সুরকারের নামোল্লেখ করেন সাবিনা। ইতিমধ্যেই যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা অসুস্থ-তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সাবিনা মঞ্চে আসার আগে এ আয়োজনের মূল সংস্থা ‘পিজি গ্রুপ’র চেয়ারওম্যান শুভ্রা দত্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঙালিদের সবচেয়ে প্রিয় এই শিল্পীর আয়োজনকে সর্বাত্মকভাবে সাফলমন্ডিত করতে যাবতীয় সহযোগিতার জন্যে। উল্লেখ্য, পুরো মিলনায়তনে তিল ধারনের ঠাঁই ছিল না শুরু থেকে শেষাবধি। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা। গানের শেষে সাবিনাকে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পিজি গ্রুপের সিইও পার্থ গুপ্ত।
এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান। বছরখানেক আগে সাবিনা ইয়াসমিন আরেকবার এসেছিলেন নিউইয়র্কে। তবে এবারের মত এত লোকসমাগম ঘটেনি। শিল্পীর গানের সাথে যন্ত্রে সঙ্গত করেন-পার্থ গুপ্ত (কীবোর্ড), দেবু চৌধুরী (তবলা), রিচার্ড (ড্রাম), মাহফুজ (বেস গিটার), জোহান (গিটার) এবং রাকেশ ব্যানার্জি (অক্টোপ্যাড)। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর দেয়া ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে শুরু করে একে একে সাবিনা গেয়েছেন ‘আমি রজনীগন্ধ্যা ফুলের মত’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো’, ‘কী করে বলিগো আমি’, ‘অশ্রুদিয়ে লেখা’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, ‘প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে’, ‘তুমি চোখের আড়াল হও-কাছে কিংবা দূরে রও’ ইত্যাদি ডজন দুয়েক গান।
সাবিনার এই কনসার্টের মিডিয়া পার্টনার ছিল ‘বাংলাদেশ প্রতিদিন’।
আয়োজক পিজি গ্রুপের প্রধান পার্থ গুপ্ত জানান, স্বল্প মূল্যে টিকেট বিক্রি করেছি। টিকেটের মূল্য রাখা হয়েছিল ২০,৩০, ৫০ ও ১০০ ডলার করে। এরফলে সকল শ্রেণী-পেশার প্রবাসীরা দারুনভাবে উপভোগ করেছেন কিংবদন্তি এই শিল্পীর গান। এ সময় পার্থ গুপ্ত অভিযোগ করেন, এ সঙ্গীতানুষ্ঠানকে বানচাল করার জন্য নিউইয়র্কের বেশ কয়েকজন সাবিনা ইয়াসমিনকে সরাসরি ফোন করে নিউইয়র্কে আসতে বারণ করেছিলেন। এমনকি তাঁর ব্যবস্থাপককে টেক্সট ম্যাসেজ পাঠিয়েও নানা ধরনের কথা বলেছেন। তাদের সকল বাধাবিপত্তি উপেক্ষা করে প্রবাসীদের ভালবাসায় নিউইয়র্কে ছুটে আসেন সাবিনা ইয়াসমিন।



