
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

করোনাকালে আমেরিকায় মদ্যপানে পুরুষের চেয়ে নারীর মৃত্যুর হার বেড়েছে। আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের মাসিক প্রকাশনা ‘জামা নেটওয়ার্ক ওপেন’এ শুক্রবার উদ্বেগজনক তথ্যটি সন্নিবেশিত হয়েছে। সেখানে ১৯৯৯ থেকে ২০২০ সাল পর্যন্ত মদপাণের বিষক্রিয়া, মদপানের ফলে লিভারের রোগ, তীব্র নেশা এবং লাগাতার নেশার কারণে মানসিক এবং আচরণগত ব্যাধিতে মৃত্যুবরণকারী ৬ লাখ ৫ হাজার ৯৪৮ জন আমেরিকানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য উদঘাটিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী ১৯৯৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ২১ বছরের প্রতি বছরই নেশায় বুদ হয়ে নারীদের মৃত্যুর হার পুরুষের তুলনায় বেশী ছিল এবং তা ক্রমান্বয়ে বেড়েছে। বৃদ্ধির এ হার ২০০৭ পর্যন্ত প্রতি বছরই ১% ছিল। ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত প্রতি বছর বেড়েছে ৪.৩% করে এবং ২০১৮ থেকে ২০২০ সালের প্রতি বছর বৃদ্ধি পেয়েছে ১৪.৭% করে। এ সময়ে পুরুষের মৃত্যুর হার বেড়েছে প্রতি বছর ১২.৫% করে। উপরোক্ত পর্যালোচনায় আরো জানা গেছে যে, অ্যালকোহলজনিত কারণে মৃত্যর হার পুরুষের মহিলার বেড়েছে করোনা মহামারিতে নিপতিত হবার বছরে। এ সময়ে গৃহবন্দিত্বকালে (লকডাউনের সময়) নারীরা নেশায় বুদ হয়ে থাকতেন এবং তারফলেই মৃত্যুর হার বেড়েছে বলে চিকিৎসা-বিজ্ঞানীরা মনে করছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ক্যারলিনার ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং উপরোক্ত গবেষণা-জরিপের অন্যতম ড. ইসমায়েল ইউনুসা এ প্রসঙ্গে বলেন, করোনাকালিন লকডাউনে থাকায় মানসিক বিষণ্নতা/অস্থিরতা দূর করতে পুরুষের চেয়ে নারীরা বেশী মদ পান করেছেন এবং নারীরা তুলনামূলকভাবে বেশী মোটা হওয়ায় বিষক্রিয়া বেড়েছিল। এটা হতে পারে অন্যতম একটি কারণ। মৃত্যুর এই তারতম্য নিশ্চিত হতে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে তিনি গণমাধ্যমে উল্লেখ করেছেন।
ন্যাশনাল ইন্সটিটিউট অন অ্যালকোহল এব্যুজ অ্যান্ড অ্যালকোহলিজমের পরিচালক ড. জর্জ এফ কোব উল্লেখ করেছেন যে, পুরুষের চেয়ে নারীরা বেশী নেশা করছেন এবং রোগে আক্রান্তের হারও বেড়েছে। জর্জ কোব বলেছেন, গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে, হ্যাংওভার, ব্ল্যাকআউট, লিভারের প্রদাহ, লিভার সিরোসিস এবং অ্যালকোহল-সম্পর্কিত হৃদরোগ ও ক্যান্সার পুরুষের তুলনায় মহিলাদের বেশী মৃত্যুর ঝুঁকিতে রাখে। ফিজিওলজিতে পার্থক্যের কারণে, মহিলারা একই আকারের পুরুষের মতো একই পরিমাণ অ্যালকোহল পান করার পরে উচ্চ রক্তচাপে আক্রান্ত হন বেশী। তবে সাম্প্রতিক বছরগুলোতে নারীর মধ্যে মদ্যপানের প্রবণতা কেন বেড়েছে সেটি বিস্ময়ের ব্যাপার বলে ড. জর্জ উল্লেখ করেছেন।



