
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে

স্নাইপার রাইফেল হাতে ক্রেইগ ডি রবার্টসন। ছবি-সংগ্রহ।
প্রেসিডেন্ট বাইডেন-সহ ডেমক্র্যাটিক পার্টির পদস্থ কয়েক কর্মকর্তা, ট্রাম্পের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদানকারি এটর্নীকে হত্যার হুমকি প্রদানকারি ৭৫ বছর বয়সী ক্রেইগ ডি রবার্টসন বুধবার ৯ আগস্ট এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন। ইউটাহ স্টেটের সোল্ট লেক সিটিতে অবস্থিত ফেডারেল কোর্টে ৮ আগস্ট দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে এফবিআই ঐ স্টেটের প্রভো সিটিতে ক্রেইগের বাড়ি ভোর সোয়া ৬টায় ঘেরাও করেছিল তাকে গ্রেফতারের জন্যে। ক্রেইগের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তিনটি ধারায় মামলা হয়েছে। গ্রেফতার অভিযানের সময় কী পরিস্থিতি তৈরী হয়েছিল যে জন্যে গুলিবর্ষণের প্রয়োজন হয়-সেটি খতিয়ে দেখছে এফবিআইয়ের পরিদর্শকরা। উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেন ইউটাহতে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণের জন্যে পার্ক সিটিতে অবতরণের ঠিক ১২ ঘন্টা আগে গ্রেফতারের এই অভিযান চালানো হয়। বৃহস্প্রতিবার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহের সমাবেশ হবার কথা।
দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, গত রোববার ক্রেইগ তার ফেসবুকে লিখেছিলেন, আমি শুনলাম যে বাইডেন ইউটাহ-তে আসছেন। সেটি জেনেই আমি আমার এম২৪ ¯স্নাইপার রাইফেলটি (গুপ্ত ঘাতক) বের করে তা ব্যবহারের উপযোগী করি। মরিচা পরিস্কারের পর তাকে রেডি করে রেখেছি। তা দিয়ে বাইডেনকে স্বাগত জানাবো। এই লেখার পাশে রাইফেলের ছবিসহ নিজের ছবিও পোস্ট করেন।
ক্রেইগ নিউইয়র্ক সিটির ম্যানহাটানের ডিস্ট্রিক্ট এটর্নী আলভিন ব্র্যাগকেও হত্যার হুমকি দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, যৌণ হামলার কথা ফাঁস না করার জন্যে ট্রাম্প একজনকে নগদ অর্থ দিয়েছিলেন ২০১৬ সালের নির্বাচনের আগে, সেই অপরাধে ম্যানহাটান ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করেছেন এই ডিস্ট্রিক্ট এটর্নী। টাম্পের আরো কিছু অপরাধের তদন্ত করায় নিউইয়র্কের এটর্নী জেনারেল লেটিশা জেমসকেও হত্যার হুমদি দেন এই ব্যক্তি। অর্থাৎ ট্রাম্পের অপকর্মের বিরুদ্ধে যারাই সোচ্চার হয়েছেন তাদেরকেই টার্গেট করেছেন ক্রেইগ।



