
নিজস্ব প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে

ফোর্থ জুলাই সোমবার হচ্ছে যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে সর্বত্র। করোনার কারণে গত তিন বছর দিবসটি ঘটা করে উদযাপন করা সম্ভব হয়নি। সেই শূন্যতা আর হতাশা দূর করতে এবারের প্রস্তুতি ভিন্ন রকমের। নিউইয়র্ক সিটির ইস্ট রিভাবে যথারীতি ম্যাসির ৪৬তম আতশবাজির উৎসব হবে। ঠিক ৯টা ২৫ মিনিটে ৫টি ভাসমান বার্জ থেকে থেমে থেমে ৪৮ হাজার শেল শুন্যে নিক্ষেপ করা হবে। সেগুলো স্বাধীনতার চেতনায় বিভিন্ন রূপ ধারণের পর পানিতে অথবা বাতাসে হারিয়ে যাবে।
২৩ স্ট্রিট থেকে ৪২ স্ট্রিট পর্যন্ত ইস্ট রিভারের পাড় থেকে সরাসরি তা প্রত্যক্ষ করবে লাখো জনতা। ম্যাসি জানায় প্রতি মিনিটে ১৯২০টি করে শেল নিক্ষিপ্ত হবে মহাশূন্যে। ২৫ মিনিট স্থায়ী এ উৎসবের সময় দেশাত্মবোধক গান, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সুর ধ্বনিত হবে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় জমায়েত-উৎসব। ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়াল্ট, নর্থ ক্যারলিনা, লসএঞ্জেলেস প্রভৃতি স্থানেও বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অনেক স্থানে স্বাধীনতা দিবসের প্যারেডি হবে। খেলাধূলা, বনভোজনের উৎসব এখন গতানুগতিক। দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে বহু বছর আগে থেকে।



