
বিশেষ সংবাদদাতা | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত জরিপ প্রতিবেদন অনুযায়ী ৪ সেপ্টেম্বর জানা গেল, অর্থনীতি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অসন্তুষ্ট ৫৯% ভোটার। ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভূক্ত আমেরিকানদের ওপর এ জরিপ চালানো হয়।
প্রতি ৪ জন ভোটারের ৩ জনই বলেছেন যে, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রক্রিয়াটি ভুল পথে পরিচালিত হচ্ছে। এছাড়া, ৬১% ভোটার পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে পছন্দ করছেন না বলেও জরিপে উদঘাটিত হয়েছে। ৮০ বছর বয়সী বাইডেনের উচিত হচ্ছে হোয়াইট হাউসেরর জন্যে ব্যালট যুদ্ধ থেকে সরে দাঁড়ানো-এমন অভিমত পোষণ করেছেন জরিপে অংশগ্রহণকারিদের অধিকাংশই। জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখনও বাইডেনের চেয়ে জনপ্রিয় বলে জানা গেছে। ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের বেশ কয়েকটি মামলা দায়ের হওয়া সত্বেও তার জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি বলেও জরিপ পরিচালনাকারিরা মন্তব্য করেছেন।
ফার্স্টলেডি করোনায় আক্রান্ত
মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করে আরো জানিয়েছে যে, জিলের আক্রান্ত হবার পরই প্রেসিডেন্ট বাইডেনকে টেস্ট করা হয় এবং রেজাল্ট এসেছে নেগেটিভ। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউস উল্লেখ করেছেন, জিল বাইডেনের আলামত সামান্যই এবং তিনি দেলওয়ারের রিহোবুথ বীচের বাসভবনে অবস্থান করছেন। সেখানেই শনিবার থেকে সোমবার পর্যন্ত অতিবাহিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। জিলের টেস্ট রিপোর্ট পজিটিভ জানার পরই বাইডেন হোয়াইট হাউজে ফিরেছেন সোমবার অপরাহ্নে। মঙ্গলবার থেকে প্রতি কর্মদিবসেও প্রেসিডেন্টকে করোনা টেস্ট করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, করোনা সংক্রমণের হার সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকহারে বেড়েছে আমেরিকার বিভিন্ন স্টেটে। এজন্যে বেশ কটি স্টেটেই আবারো মাস্ক ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে।



