
বিশেষ সংবাদদাতা | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে

জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ছবি-পিএমও।
জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় লাগাতার পঞ্চদশতম বার ভাষণ প্রদানের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রবিবার রাতে নিউইয়র্কে এসেছেন। স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
এয়ারপোর্টে ৪ নম্বর টার্মিনালে সন্ধ্যা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী জড়ো হয়ে ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ এবং ‘নিউইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত’ স্লোগানে প্রকম্পিত করেন গোটা এলাকাকে। পুলিশ বেষ্টনীতে অনুষ্ঠিত এ স্বাগত সমাবেশে বস্টন, ফ্লোরিডা, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, লসএঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি থেকে আসা নেতা-কর্মীরাও ছিলেন। বেশকিছু দূরে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরাও। তারাও ছিলেন পুলিশ বেষ্টনীতে।
উল্লেখ্য, লন্ডন থেকে বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি ৮ নম্বর টার্মিনালে অবতরণ করে। সেখানে কস্ট্রাকশনের কাজ চলায় বিক্ষোভ অথবা স্বাগত সমাবেশের অনুৃমতি না মেলায় ৪ নম্বর টার্মিনালে পরস্পরের বিরুদ্ধে শো-ডাউনের অনুমতি সংগ্রহ করেছিলেন উভয় পক্ষই।
স্বাগত সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ, আওয়ামী আইনজীবী সমিতির নেতা মোর্শেদা জামান, জেবিবিএর সভাপতি ড. মাহাবুবুৃর রহমান টুকু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। ছিলেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’র সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারাও। উল্লেখ্য, ৫ দিনের সফরে জাতিসংঘে শীর্ষ সম্মেলনে যোগদানকালে সাধারণ পরিষদে শেখ হাসিনা বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন ২২ সেপ্টেম্বর দুপুরে। ২৩ সেপ্টেম্বর তাঁর ওয়াশিংটন ডিসিতে যাবার কথা এবং সেখানে তিনি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে শেখ হাসিনা তার ডিনার পাটিতে অংশগ্রহণ করা ছাড়াও বিশ্বের বেশ ক’জন প্রভাবশালী রাষ্ট্রনায়কের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। নিউইয়র্কে প্রবাসীদের এক নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেবেন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায়।
গ্রেফতার-১
জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে কুইন্স বিএনপির একজন সদস্য আজিজুল হাওলাদারকে এয়ারপোর্ট পুলিশ গ্রেফতার করেছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ গভীর রাতে এ সংবাদদাতাকে জানান, আওয়ামী লীগের একজন কর্মীর অভিযোগে তাকে আটক করা হয়েছিল। কিন্তু এয়ারপোর্টে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হয়নি। অর্থাৎ মিথ্যা অভিযোগ দায়ের করা হয় বলে আমরা পুলিশকে কনভিন্স করতে সক্ষম হবার পরই আজিজুলকে মুক্তি দেয়া হয়। বিএনপির মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী গিয়াস আহমেদের সাথে এয়ারপোর্ট পুলিশ অফিসে গিয়েছিলেন।



