
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ১৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে সাক্ষাৎ করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটির ম্যানহাটানে একটি হোটেলে ২৪ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তাদের সোয়া ঘন্টা স্থায়ী একসভায় সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু নির্যাতকদের বিচারের ব্যাপারে মতবিনিময় হয়। সভায় সংগঠনের তিন সভাপতি অধ্যাপক নবেন্দু দত্ত, ড. টমাস দুলু রায় ও রণবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ড. দ্বিজেন ভট্টাচার্য্য এবং উপদেষ্টা ড. দিলীপ নাথ ছাড়াও যোগদেন জগন্নাথ হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী এবং ইন্টারন্যাশন্যাল মতুয়া মিশন অফ নিউইয়র্কের সভাপতি ও জগন্নাথ হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশীল সিনহা।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ সময় একটি স্মারকলিপি হস্তান্তর করেন সভায় অংশগ্রহনকারি নেতৃবৃন্দ। তারা একে একে পররাষ্ট্রমন্ত্রীকে বলেন যে, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা’ ২০১৯ সালে সংসদের প্রথম অধিবেশনে পুরণ করা হলে ধর্মীয় মৌলবাদী ও উগ্রপন্থীরা আমাদের ভাই-বোনদের উপর ২০২০ মুরাদ নগরে কিংবা ২০২১ সালের শারদোৎসবে নারকীয় তান্ডব চালানোর দু:সাহস তো করতই না, এতদিনে হয়তো সম্পূর্ণভাবে বন্ধই হয়ে যেত সংখ্যালঘু নির্যাতন, যেমন বন্ধ হয়ে গেছে এ্যাসিড সন্ত্রাস। প্রতিশ্রুতিপ্রদানের পাঁচ বছর পরও বিলটি পাশ না করা এবং ২০১১ সালে কয়েক হাজার সংখ্যালঘু নির্যাতককে সনাক্ত করে জজ সাহাবুদ্দীন কমিশন যে তালিকা সরকারের কাছে হস্তান্তর করেছিল তাদের বিচারকার্য এখনও শুরু না করায় গভীর হতাশা ও বিষ্ময় প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন যে, ২০০৮ সালের নির্বাচনে জেতার পরথেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রধর্ম আইন পাশ করা সহ ধর্মীয় মৌলবাদীদের সকল দাবি দাওয়াই মেনে নিয়েছে এবং সেটা করা হয়েছে সেকুলার ডেমোক্র্যাসি এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম-নাগরিক অধিকার ও জীবনের নিরাপত্তার বিনিময়ে’ দাবি করা হয় “বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, সকলেরই সেখানে সমান অধিকার রয়েছে,” কিন্তু বাস্তবতা তো এর ঠিক বিপরীত –একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয়েছে, বিচার করা হচ্ছে না সংখ্যালঘু নির্যাতকদের, দেশে ৫৬০টি মডেলমসজিদ গড়া হচ্ছে কিন্ত মন্দির/গীর্জা গড়া হয়নি একটিও, ইসলামী ফাউন্ডেশন রয়েছে কিন্ত হিন্দু, বৌদ্ধ খৃষ্টানদের ফাউন্ডেশন হয়নি এখনও।সংখ্যালঘু নাগরিকদের প্রতি সরকারের এই বৈষম্যমূলক আচরণে উৎসাহীত হয়ে এবং সংখ্যালঘু নির্যাতকদের কোন বিচার না হওয়ায় প্রশ্রয় পেয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ভূসম্পত্তি ও বাড়িঘর দখল করে নিযে, দেবালয়-দেবদেবীর মূর্তি ধ্বংস করে দিয়ে, উচ্ছেদ, ধর্ষন, বিভিন্নভাবে ধর্মান্তরিত করা সহ বর্বর অত্যাচার করে দেশত্যাগ করতে বাধ্যকরছে সংখ্যালঘু নাগরিকদের। আপনার চোখের সামনে, দেশের মোট জনসংখ্যায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব প্রায় ২০% (১৯৭০) থেকে ৯.১%-এ (২০২২) পৌঁছেছে; আর, আগামী পচিশ বছরে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী রয়েছে। তাঁরা মন্ত্রীকে বলেন যে, এই নির্মম পরিণতি ঠেকানো সরকারের দায়িত্ব ও নৈতিক কর্তব্য, বিশেষ করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠাতাও জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতায় আসীন।
ইতিমধ্যেই যে দেশে দুর্গা প্রতীমা ধ্বংস করা শুরু করেছে সেটা উল্লেখ করে তাঁরা শঙ্কা প্রকাশ করেন যে, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী হয়তো আবারও ২০২১ সালের মত পুজোয় ও হিন্দু সম্পদায়ের ওপর আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এই বলে তাঁরা মন্ত্রীকে এ’ ব্যাপারে ২০২২ সালের মত সরকারকে শূন্য সহনশীলতার নীতি গ্রহন করতে অনুরোধ জানান। তাঁরা বলেন, এই দায়িত্ব শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, এটা পুলিশ, র্যাব, বি.জি.বি.ও সেনাবাহিনী, যারা জাতিসংঘ কর্তৃক নিয়েজিত হয়ে বিদেশে মানুষের নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠা করেন তাঁদের সকলের।
নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, এই সমস্যার চিরস্থায়ী সমাধানের একমাত্র পথ একটি কঠোর সংখ্যালঘু সুরক্ষা আইন অবিলম্বে পাশ করে এর প্রয়োগ শুরু করা। বিচার এবং কঠোর শাস্তির ভয় থাকলে, সরকার সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য-সহনশীলতার নীতি অবলম্বন করলে এই মানবতা বিরোধী অশুভ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে দাবি করে, নেতৃবৃন্দ সংসদে সরকারী দলের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার সদ্ব্যবহার করে বর্তমান সংসদের এই শেষ অধিবেশনেই সংখ্যালঘু সুরক্ষা আইনটি পাশ করে দেশের সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষার স্থায়ী ব্যবস্থা করতে সনির্বন্ধ অনুরোধ জানান।
নেতৃবৃন্দ মন্ত্রীকে বলেন যে, দেশে সংখ্যালঘু নির্যাতন চিরতরে বন্ধ করার ক্ষমতাসম্পন্ন যে সংখ্যালঘু সুরক্ষা এ্যাক্টের খসড়া বিলটি তাঁরা ওয়াশিংটনস্থ রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, সেটিকে পূর্ণাঙ্গরূপে পাশ করতে হবে। সেখানে ১৬টি বিধি সংযোজনের অনুরোধ করা হয়েছে। এগুলো হচ্ছে: (১)সংখ্যালঘু নাগরিকদের “সংখ্যালঘু” বলে স্বীকৃতি প্রদান, যা সকল দেশেই রয়েছে; (২)একটি হেইট স্পীচ্ ও হেইট ক্রাইম আইন, যার অধীনে যুক্তরাষ্ট্রের মত সরকার-বাদী-মোকদ্দমার মাধ্যমে বিচার বিভাগের একটি বিশেষ ডিভিশনের সরাসরি নিয়ন্ত্রন/তত্বাবধানে সংখ্যালঘু নির্যাতনের তদন্ত, মামলা দায়ের, বিচার ও শাস্তি প্রদানের নিশচয়তা;
(৩)সংখ্যালঘু নির্যাতকদের বিচারের জন্য প্রতি জেলায় একটি করে দ্রুত-বিচারের ক্ষমতাসম্পন্ন আদালত প্রতিষ্ঠা করা;(৪)একটি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা; (৫)একটি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা; (৬)বাতিলকৃত অর্পিত সম্পত্তি আইনে অধিগৃহীত সকল সম্পত্তি প্রকৃত মালিককে দ্রুত ফিরিয়ে দেওয়ার বিধান; (৭) সংসদে অন্তত: ২০% আসনে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন প্রদানের বিধান; (৮) জজ সাহাবুদ্দীন কমিশন কর্তৃক চিহ্নিত ও বিচারের জন্য সুপারিশকৃত হাজার হাজার সংখ্যালঘু নির্যাতকদের বিচার কার্য্য অবিলম্বে শুরু করার নির্দেশ;
(৯)একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন পূর্বক ২০০৬ থেকে এপর্যন্ত সংঘটিত সকল সংখ্যালঘু নির্যাতনের অপরাধীদের তালিকা করে সংশ্লিষ্ট আদালতের কাছে হস্তান্তর করার নির্দেশ;
(১০)সাম্প্রদায়িক নির্যাতনে ক্ষতিগ্রস্তদের যথেষ্ট পরিমান ক্ষতিপূরণ দিয়ে তাঁদের পুনর্বাসন এবং শারীরিক ও মানসিক চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ;
(১১)প্রতিটি জেলায় অন্তত: একটি করে মেগা/মডেল মন্দির নির্মান করার নির্দেশ;
(১২)ইসলামিক ফাউন্ডেশনের আদলে আলাদা আলাদা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ফাউন্ডেশন গঠন করার নির্দেশ: (১৩)দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ আইনকরা;
(১৪)পার্বত্য ভূমি কমিশনের দ্রুত, যথাযথ বাস্তবায়ন;
(১৫) সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীসমূহের জন্য পৃথক ভূমি কমিশনগঠন করা; এবং
(১৬)১৯৭২ সালের সংবিধান পুনরুজ্জীবিত করা।
পররাষ্ট্রমন্ত্রীকে নেতৃবৃন্দ বলেন যে, এসব দাবি নতুন কিছুই নয় — পাশের দেশ ভারতে সংখ্যালঘুদের সুরক্ষার্থে শুধু জাতীয় সংখ্যালঘু কমিশন নয়, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ও আছে; আর, যুক্তরাষ্ট্রে, হেইট ক্রাইম ও স্পীচ আইন রয়েছে, যার ফলে এখানে কেউ বর্ণবাদী বা ধর্মীয় সন্ত্রাসের শিকার হলে বিচার বিভাগ সরাসরি হস্তক্ষেপ করে, সরকার-বাদী-মোকদ্দমার মাধ্যমে অপরাধীকে ফেডারেল-অপরাধে ত্বরিৎ বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তিও ব্যবস্থা করে।
পররাষ্ট্রমন্ত্রী সকলের বক্তব্য শুনে তাঁদের বক্তব্য যুক্তিসঙ্গত বলে স্বীকার করেন এবং এ’ ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।



