
বিশেষ সংবাদদাতা | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

অপসারনের পর ক্যাপিটল হিল ছাড়ছেন কেভিন ম্যাককার্থি। ছবি-সংগ্রহ।
মার্কিন রাজনীতি ও প্রশাসনে হরিবল অবস্থা চলছে। আদালতে অশ্রাব্য ভাষা ব্যবহারের জন্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে আইন লংঘনের মামলা নিয়ে উত্তেজনা/বিতর্ক এবং ঘুষ গ্রহণের মামলায় অভিযুক্ত হয়েও সিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান সিনেটর বব ম্যানেন্ডেজ পদত্যাগে রাজি না হওয়ায় মার্কিন রাজনীতিতে বিরূপ হাওয়ার মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারকে অপসারনের ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি প্রথম ঘটনা এবং দলের ভেতরেই কোন্দলের চরম বহি:প্রকাশ বলে মনে করা হচ্ছে। রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থিকে ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদের স্পিকার থেকে মঙ্গলবার অপসারন করা হলো ২১৬-২১০ ভোটে। ডেমক্র্যাটিক পার্টির প্রায় সকল কংগ্রেসম্যানের সাথে রিপাবলিকান পার্টির ৮ কংগ্রেসম্যানও স্পিকারকে অপসারনের পক্ষে ভোট দিয়েছেন। চরম দক্ষিণপন্থি রিপাবলিকানরা স্পিকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সহযোগী হয়ে উঠেছেন রিপাবলিকান ম্যাককার্থি-এমন অভিযোগ ছাড়াও ফেডারেল সরকারকে অচলাবস্থা থেকে রক্ষা করার সংলাপেও ম্যাককার্থি রিপাবলিকান পার্টির স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন বলে গুরুতর অভিযোগে ফ্লোরিডার রক্ষণশীল কংগ্রেসম্যান ম্যাট গ্যাটজ (ফ্লোরিডা-রিপাবলিকান)অপসারনের বিলটি উত্থাপন করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস স্পিকার হীন হয়ে পড়লে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে অধিষ্ঠিত হয়েছেন অপসারিত স্পিকারের নিযুক্ত প্রো টেম্পোর স্পিকার কংগ্রেসম্যান প্যাট্রিক ম্যাকহেনরী (নর্থ ক্যারলিনা)।
রিপাবলিকান পার্টি নতুন স্পিকার নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, অপসারণের পর পুনরায় স্পিকার পদে না লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ম্যাককার্থি। এমনকি, কংগ্রেস থেকেও পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন।



