
বিশ্ব ডেস্ক | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজা উপত্যকায় হামলা ও অবরোধ আরোপ করে ইসরায়েল যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। মঙ্গলবার ১০ অক্টোবর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার তুর্ক বলেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা, গাজা উপত্যকায় আবাসিক এবং স্কুল ভবনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।
শুধু তাই নয়, গাজায় বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করে তাদের জীবন বিপন্ন করছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলারও সমালোচনা করেছেন ভল্কার তুর্ক। তিনি ইসরায়েলি নাগরিকদের নিহত ঘটনাকে ‘গণহত্যা’ দাবি করে নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ইসারয়েলি নাগরিকদের অপহরণ করাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।



