
বিশেষ সংবাদদাতা | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহস্রাধিক শব্দের এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির টেকসই সমাধানের ওপর গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, ৭ অক্টোবর হামাস বাহিনীর সন্ত্রাসী হামলার মত সহিংসতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে ইসরায়েলের সামরিক কৌশল যদি বেসামরিক নাগরিক তথা নারী-শিশুদের নির্বিচার হত্যাযজ্ঞের সামিল হয় তাহলে সেটি হতে পারে ইসরায়েলের জন্যে আত্মঘাতি। ওবামা উল্লেখ করেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযানের সময় আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে।
গাজায় খাদ্য, পানি এবং বিদ্যুৎ বন্ধ করার মত ভয়ংকর পদক্ষেপ গ্রহণ করায় ফিলিস্তিনিদের প্রতি বিশ্বব্যাপি সমর্থন বাড়তে পারে, অপরদিকে ইসরায়েলের প্রতি সমর্থন তলানীতে নামতে পারে। এরফলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে দীর্ঘদিনের প্রয়াসকে একেবারেই থামিয়ে দিতে পারে। ওবামা তার এ বিবৃতিতে হামাস বাহিনী নির্মূলে ইসরায়েলির প্রচেষ্টার প্রতি অব্যাহত সমর্থন দিয়েছেন এবং যতটা সম্ভব বেসামরিক নাগরিকেরা যাতে সামরিক অভিযানের অসহায় বলি না হয় তা এড়িয়ে চলার পরামর্শ পরামর্শ দিয়েছেন ইসরায়েলকে। ওবামা লিখেছেন, যদিও আমরা ইসরায়েলকে সমর্থন করি, আমাদের এটাও পরিস্কার হওয়া উচিত যে, ইসরায়েল কীভাবে হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। ইতিমধ্যেই গাজায়ন ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অনেকেই শিশু।



