
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ১৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে

হু হু করে বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম। মূল্যবৃদ্ধির এই হরিবল অবস্থায় বাংলাদেশ ব্যাংকের অব্যবস্থাপনাকে দায়ী করছেন সচেতন প্রবাসীরা। বাংলাদেশের সকল ব্যাংকের ওপর মনিটরিং রয়েছে বাংলাদেশ ব্যাংকের। নিয়ন্ত্রকের পুরো এখতিয়ারও আছে। তবুও কেন ডলার নিয়ে এমন তুঘলকি কান্ড-এমন প্রশ্নও প্রবাসীদের। ৮ নভেম্বর নিউইয়র্কে যে কোন র্যামিটেন্স কোম্পানীতে এক ডলারের বিপরীতে ১২৩ টাকা ৬০ পয়সা পেয়েছেন প্রেরকেরা। একইদিন সোনালী এক্সচেঞ্জে পাঠানো ডলারের বিপরীতে (৫% বোনাসসহ) পেয়েছেন ১১৬.০২ টাকা করে। অর্থাৎ বেসরকারী চ্যানেলের চেয়ে সোনালী এক্সচেঞ্জে প্রতি ডলারে কম পাচ্ছেন ৭ টাকা ৫৮ পয়সা। এ অবস্থায় লাল বাতি জ্বলার উপক্রম হচ্ছে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’র। সোনালী এক্সচেঞ্জ খোলা থাকুক বা না থাকুক-সেটি প্রবাসীদের মাথা ব্যাথা নয়, প্রবাসীরা বিস্ময়ে হতবাক ডলারের মূল্যমানে এতটা হেরফের দেখে। বাংলাদেশ ব্যাংক যদি সকল আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হয়ে থাকে তাহলে লিগ্যাল চ্যানেলে পাঠানো ডলারের বিপরীতে বেসরকারী/স্বায়ত্বশাসিত ব্যাংক অথবা প্রতিষ্ঠানগুলো কীভাবে সোনালী এক্সচেঞ্জের চেয়ে বেশী দর দিচ্ছে-এমন জিজ্ঞাসা সাধারণ প্রবাসীদেরও। ইতিমধ্যেই লন্ডনে পাউন্ডের দর ১৫০ টাকায় উঠার সংবাদ এসেছে। পাউন্ড এবং ডলারের দর নিয়ন্ত্রণে রাখার অভিপ্রায়ে এবিপি এবং বাফেদার সর্বশেষ বৈঠকে (৭ নভেম্বর)কোনভাবেই ডলারের দাম ১১৫ টাকার বেশী না দেয়ার সিদ্ধান্ত হয়। এর সাথে যোগ হবে আড়াই পার্সেন্ট হারে প্রণোদনা। এছাড়া, ব্যাংকগুলো যদি নিজস্ব ক্ষমতায় আরো বেশী প্রণোদনা দিতে চায়, সেটিও আইনসিদ্ধ হবে। যেমন সোনালী এক্সচেঞ্জ অতিরিক্ত ২.৫% হারে প্রণোদনা দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের অন্য রেমিটেন্স কোম্পানীগুলো ডলারের মূল্য ১২৩.৬০ টাকা করে দিচ্ছে। অপরদিকে সোনালী এক্সচেঞ্জের ৫% প্রণোদনাসহ ১১৬.০২ টাকায় প্রবাসীদের টানতে সক্ষম হচ্ছে না। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, মিশিগান, টেক্সাস, পেনসিলভেনিয়া, নিউজার্সিসহ বাংলাদেশি অধ্যুষিত সিটিসমূহে ছড়িয়ে পড়েছে যে, শীঘ্রই ডলারের মূল্য ১৫০ টাকায় উঠবে। এহেন পরিস্থিতির নেপথ্যে ক্ষমতাসীন সরকারের ভেতরের একটি মহলের ফায়দা জড়িত বলেও গুঞ্জন রয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচারের গুঞ্জনের সাথেও বিশেষ ঐ মহলের সম্পৃক্ততা মুখে মুখে ফিরছে।
করোনা মহামারির কঠিন সময়েও বাংলাদেশ আর্থিকভাবে শক্ত অবস্থানে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ জনিত পরিস্থিতিতে গোটাবিশ্ব যখন হাবুডুবু খাচ্ছে সেখানে বাংলাদেশও ভিকটিম হবে এটাই স্বাভাবিক। কিন্তু তার জের যে হঠাৎ করে অবিশ্বাস্য রকমের পর্যায়ে নিপতিত করবে বাংলাদেশকে-তা অনেকের কাছেই অবিশ্বাস্য।
উদ্ভ’ত পরিস্থিতির আলোকে ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের গ্লোবাল ক্যম্পাসের এডজাঙ্কট প্রফেসর খ্যাতনামা অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম ৮ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতি বন্ধ করতে হবে। বিদেশ থেকে দামী গাড়িসহ বিলাসি পণ্যের আমদানী একেবারেই কমাতে হবে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। রপ্তানী বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রে পেশাজীবী প্রবাসীদের সমন্বয়ে গঠিত থিঙ্কট্যাংক ‘বিডিআই’ (বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ)’র ট্রেজারার ড. ফাইজুল ইসলাম আরো বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১২ বিলিয়ন ডলারের মত। ২০২১ সালে তা ৪০ বিলিয়ন ডলারে উঠেছিল। এখন তা কমে ২০ বিলিয়নের নীচে নেমেছে। বাংলাদেশসহ গোটাবিশ্বের অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ে কর্মরত ড. ফাইজুল উল্লেখ করেন, বাংলাদেশ গত ১৪ বছরে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত করেছে। এজন্যে বিদেশী বিনিয়োগ যেমন এসেছে, একইভাবে অভ্যন্তরীন উৎপাদনেও একটি গতি ছিল। এখন সেই গতিতে ভাটা পড়েছে কারণ, ম্যাগা প্রকল্পে নেয়া ঋণের কিস্তিও পরিশোধ করতে হচ্ছে। একইসাথে ‘ক্যাপিটাল ফ্লাইট’র আবির্ভাব ঘটেছে। আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসে বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে।
ড. ইসলাম বলেন, এটা খুবই সত্য যে, নানাবিধ কারণে বিশ্বব্যাপী আমদানী পণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচও বাড়ছে। এজন্যেও বৈদেশিক রিজার্ভে টান পড়বেই। এ অবস্থার অবসানে বাংলাদেশকে রপ্তানী বাড়াতে হবে। আমদানী কমাতে হবে। বিশেষ শ্রেণীর মানুষের সুবিধার্থে উচ্চ মূল্যে গাড়ি ক্রয়ের পর তা শুল্কমুক্ত হিসাবে বিতরণের ব্যবস্থাটি বাতিল করা জরুরী। সরকারী কোষাগার শুন্য করে আমলা-রাজনীতিকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ স্থগিত করতে হবে। এজন্যে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত করতেও কঠোরতা অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেন সাদা মনের অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ড. ফাইজুল। গোটিকতক মানুষের জন্যে ১৮ কোটি মানুষের ভাগ্য-কে জিম্মি করা সমীচিন নয়-উল্লেখ করেন ড. ফাইজুল।
এ প্রসঙ্গে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা লিটন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশি টাকার বিপরীতে ইউএস ডলার এবং বৃটিশ পাউন্ডের দামের ওঠানামা, যেকোনো মুদ্রা বিনিময়হারের মতো, এর নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, যা অর্থনীতি এবং মানুষের জীবনের বিভিন্ন দিককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সুবিধার মধ্যে রয়েছে:১. রপ্তানি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে: যখন বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়, তখন এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি রপ্তানিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে। এটি দেশের রপ্তানিমুখী শিল্প, যেমন টেক্সটাইল এবং তৈরি পোশাককে উৎ্সাহিত করতে পারে। ২. বিদেশী বিনিয়োগের প্রবাহ: তুলনামূলকভাবে দুর্বল টাকা বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে পারে, কারণ বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অর্থের জন্য আরও বেশি পেতে পারে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে উদ্দীপিত করতে পারে। ৩. পর্যটন প্রসার: একটি অনুকূল বিনিময় হার বাংলাদেশকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে পারে, কারণ তাদের বৈদেশিক মুদ্রার ক্রয়ক্ষমতা বেশি হতে পারে, এইভাবে পর্যটন শিল্পকে উৎসাহিত করতে পারে।
লিটন আহমেদ যুক্তির অবতারণা করে দর পতনের পরিপ্রেক্ষিতে অসুবিধাসমূহের উপস্থাপনাও করেছেন। তা হচ্ছে : ১. মুদ্রাস্ফীতি: টাকার দুর্বলতা উচ্চ মূল্যস্ফীতির দিকে পরিচালিত করতে পারে, কারণ আমদানিকৃত পণ্যগুলি আরও ব্যয়বহুল হয়ে ওঠে। এটি সাধারণ নাগরিকদের বাজেটকে চাপে ফেলতে পারে এবং তাদেও ক্রয় ক্ষমতা হ্রাস করতে পারে। ২. বর্ধিত আমদানি খরচ: যে ব্যবসাগুলি আমদানির উপর নির্ভর করে তারা উচ্চ খরচের সম্মুখীন হতে পারে, যার ফলে তাদের পণ্যের মূল্যবৃদ্ধি হতে পারে। এটি নেতিবাচকভাবে ভোক্তাদের প্রভাবিত করতে পারে এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। ৩. বিনিময় হার ঝুঁকি: বিনিময় হারের ওঠানামা আন্তর্জাতিক বাণিজ্যে নিযুক্ত ব্যবসার জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে, তাদের পক্ষে কার্যকরভাবে পরিকল্পনা করা এবং বাজেট করা কঠিন করে তোলে। ৪. ঋণের বোঝা: যদি দেশের ঋণের একটি উল্লেখযোগ্য অংশ বৈদেশিক মুদ্রায় চিহ্নিত করা হয়, তাহলে একটি দুর্বল টাকা এই ঋণ পরিশোধের খরচ বাড়িয়ে দিতে পারে।
এ অবস্থায় কি করতে উচিত সংশ্লিষ্টদের-এ প্রসঙ্গে উদ্যমী এই ব্যবসায়ী নেতা লিটন বলেন, বাংলাদেশী টাকার বিপরীতে মার্কিন ডলারের দামের ওঠা-নামার সুবিধা-অসুবিধা পরিচালনা করতে, বেশ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে: ১. রপ্তানি বহুমুখীকরণ: সরকার ব্যবসায়িদের তাদের রপ্তানি বাজার এবং পণ্যের বৈচিত্র আনতে উৎসাহিত করতে পারে। যে কোনো একটি বাজার বা শিল্পের ওপর নির্ভরশীলতা কমানো। ২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: কার্যকর মুদ্রানীতি সুদের হার এবং অর্থ সরবরাহ সামঞ্জস্য করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের উচিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৩. হেজিং কৌশল: আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসাগুলি মুদ্রার ওঠা-নামার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি হ্রাস করার জন্য হেজিং কৌশলগুলি গ্রহণ করতে পারে। ৪. বৈদেশিক রিজার্ভ ম্যানেজমেন্ট: কার্যকরভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা করা এবং পরিচালনা করা বিনিময় হারকে স্থিতিশীল করতে এবং প্রয়োজনে বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। ৫. বিনিয়োগ প্রসার করুন: সরাসরি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান একটি দুর্বল টাকার কিছু নেতিবাচক প্রভাবগুলিকে অফসেট করতে সাহায্য করতে পারে৷ ৬. শিক্ষা এবং সচেতনতা: সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি বিনিময়হারের ওঠা-নামার সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনসাধারণ এবং ব্যবসায়িদের শিক্ষিত করতে হবে এবং এই ঝুঁকিগুলি থেকে অব্যাহতি লাভে কীভাবে তা পরিচালনা করা যায় সে সম্পর্কে নির্দেশিকা প্রদান করতে হবে। লিটন আহমেদ বলেন, মার্কিন ডলার এবং বাংলাদেশী টাকার মধ্যে বিনিময় হারের ওঠা-নামার ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাবই রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, বিচক্ষণ রাজস্ব ও আর্থিক নীতি, ব্যবসায়িক কৌশল এবং জনসচেতনতার সমন্বয় অপরিহার্য। সক্রিয় পদক্ষেপ গ্রহণ এবং কার্যকরভাবে বিনিময় হার ঝুঁকি পরিচালনা করে। বাংলাদেশ মুদ্রার ওঠানামার নিম্নমুখী দিকগুলি প্রশমিত করার সময় সুবিধাগুলি ব্যবহার করতে পারে।
সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবশ্রী মিত্র বাংলাদেশ প্রতিদিনকে জানান, উদ্ভ’ত পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অন্যেরা ডলারের দাম আমাদের চেয়ে ৭/৮ টাকা করে বেশী দিচ্ছে। এর প্রভাব পড়েছে সোনালী এক্সচেঞ্জের রেমিটেন্স প্রেরণে।
জ্যাকসন হাইটসে স্মৃতি মানি ট্র্যান্সফার নামক রেমিটেন্স কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান টুকু বাংলাদেশ প্রতিদিনকে ৮ নভেম্বর জানান, আমরা লিগ্যাল চ্যানেলেই টাকা পাঠাচ্ছি। ডলারের আজকের দও ছিল ১২৩.৬০ টাকা। অনেক নতুন প্রবাসী আজ এসেছিলেন স্বজনের কাছে টাকা পাঠানোর জন্যে। রেট বাড়ায় কঠোর পরিশ্রমী প্রবাসীরা আগের তুলনায় বেশী পাঠাচ্ছেন। সাধারণ প্রবাসীরা এতে খুশী হলেও দেশপ্রেমিক এবং সচেতন প্রবাসীরা উদ্বিগ্ন। বাংলাদেশ ব্যাংকের উচিত সবকিছু নিষ্ঠার সাথে মনিটরিংয়ে রাখা।



