
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রৌফ তালুকদার। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
‘স্মার্টের পথে বাংলাদেশ-হুন্ডিবাজদের সময় শেষ’, ‘সোনালি স্বপ্নে মাটির গন্ধে শপথ করুন হুন্ডি বন্ধে’ স্লোগানে সোনালী এক্সচেঞ্জ চালু করলো মোবাইল অ্যাপ। ঘরে অথবা গাড়িতে কিংবা চলতি পথে স্বজনের অ্যাকাউন্টে মুহূর্তেই রেমিট্যান্সের নির্ভরযোগ্য এই অবলম্বনও ব্যবহার করা যাবে বিনা ফি-তে। একইসঙ্গে বাংলাদেশ সরকার ঘোষিত ২.৫% এর সঙ্গে সোনালী ব্যাংকের আরও ২.৫% প্রণোদনা মিলবে গন্তব্যে। মোবাইল অথবা অ্যান্ড্রয়েড-উভয় ফোনেই ডাউনলোডের সুবিধা রয়েছে উদ্ভাবিত এই অ্যাপের। ২১ নভেম্বর সকালে ঢাকা থেকে ভার্চুয়ালে এই অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আব্দুর রৌফ তালুকদার। এ সময় চলমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় সোনালী এক্সচেঞ্জের রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি তথা লিগ্যাল চ্যানেলে রেমিট্যান্সে প্রবাসীদের আগ্রহী করবে বলে মন্তব্য করেন বিবির গভর্ণর। গভর্নর আরও বলেন, স্মার্ট বাংলাদেশ ধ্যান-ধারণার চারটি স্তম্ভের অন্যতম হলো স্মার্ট ইকনোমি। এবং স্মার্ট ইকনোমিতে যারা কাজ করবেন তারা সবাইস আজকের এ অনুষ্ঠানে। অর্থ মন্ত্রণালয়, ব্যাংকিং সেক্টর, কেন্দ্রীয় ব্যাংক-আমরা সবাই এখানে। আমাদের ওপরই নির্ভর করছে স্মার্ট ইকনোমির বাস্তবায়ন। সে ক্ষেত্রে ক্যাশলেস ব্যবস্থা হবে প্রধান একটি অবলম্বন। সেজন্যই আমরা ২০২৭ সালের মধ্যে অন্তত ৭৫% ট্যাঞ্জেকশন ক্যাশলেস আকারে করার লক্ষ্য স্থির করে কাজ শুরু করেছি। ১ নভেম্বর আমরা ‘টাকা পে কার্ড’র উদ্বোধন করেছি। সেটিও সোনালী ব্যাংকের বড় একটি অর্জন। কারণ এযাবত বাংলাদেশিরা ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহার করে এসেছি এবং এখনও করছি। অথচ এ দুটি কার্ডেরই মালিক হলেন বিদেশিরা। ‘টাকা পে কার্ড’ হচ্ছে বাংলাদেশের। খুব শিগগিরই ভারতীয় রুপির সঙ্গেও এর সম্পর্ক হবে। এরপর অন্য দেশের সঙ্গে সম্পর্ক রচিত হলেই বাংলাদেশিদেরকে আর বিদেশের কার্ডের ওপর ভরসা করতে হবে না। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তথা উন্নয়ন ও সমৃদ্ধ দেশ রচনার স্বপ্ন পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, এই অ্যাপে দিনরাত ২৪ ঘন্টা রেমিট্যান্স করা যাবে নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া স্টেট থেকে। উল্লেখ্য, ম্যারিল্যান্ড এবং ফ্লোরিডা স্টেটে সোনালী এক্সচেঞ্জের শাখা না থাকলেও সেখানকার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের অনুমোদন পেয়েছে ‘সোনালী এক্সচেঞ্জ’। বাংলাদেশি অধ্যুষিত অপর সিটি ও স্টেট সমূহে এজেন্ট নিয়োগের মাধ্যমে সে সব এলাকার প্রবাসীদের এই অ্যাপের সেবা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে সোনালী এক্সচেঞ্জ।
সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেছেন, ২০২১ এর তুলনায় ২০২২ সালে ক্রেডিট গ্রোথ সন্তোষজনক ছিল। তা ছিল ২৩% এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয় যে, সোনালী ব্যাংকের পারফর্মিং লোনের পরিমাণও বেড়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখাসমূহে ঋণের গতি বৃদ্ধির পাশাপাশি আদায়ের মন্থরতাও কমেছে। আফজাল করিম দাবি করেন, এই প্রথম আমরা নেগেটিভ থেকে পজিটিভ পর্যায়ে গেছি নেট ইনকাম সেক্টরে। এই ধারা অব্যাহত রয়েছে। তবে অন্য সকল ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংকে ডিপজিটের পরিমাণ কম। তা সত্বেও সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের জনগণের আস্থার ব্যাংক, বিশ্বস্ততার একটি জায়গা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের টার্গেট ছিল এক লাখ ৪৩ হাজার কোটি টাকা ডিপজিটের। সে ক্ষেত্রে আমরা এগিয়েছি এবং সে পরিমাণ ছিল এক লাখ ৪৭ হাজার কোটি টাকা।
সোনালী ব্যাংকের চেয়ারমান জিয়াউল হাসান বলেন, আমেরিকা প্রবাসীগণের রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে এ অ্যাপ অপরিসীম ভ‚মিকা রাখবে বলে আশা করছি।
নিউইয়র্ক সিটির কুইন্সে হিলসাইড এভিনিউতে খলিল বিরিয়ানি হাউজে এ উদ্বোধনী পর্বে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র জানান, নানা সীমাবদ্ধতা সত্বেও আমরা প্রবাসীদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টায় আছি। রেমিট্যান্সের জন্য এখন আর কোন শাখায় যাবার প্রয়োজন হবে না। ঘরে অথবা কর্মস্থলে বসেই স্বজনের অ্যাকাউন্টে রেমিট্যান্সের ব্যবস্থা হলো। ফোনে অ্যাপটি ইন্সটল করাও খুব সহজ। এতদসত্ত্বেও কেউ যদি সহযোগিতার প্রয়োজন বোধ করেন তবে ২১২-৮০৮-০৭৯০ তে ফোন করতে হবে। আমাদের লোকজন সংশ্লিষ্টদের অ্যাপ ডাউনলোডে সর্বাত্মক সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন। ভার্চুয়ালে এ উদ্বোধনী পর্বের সমন্বয় করেছেন সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট অফিসের আইটি ম্যানেজার এবং কোম্পানীর সেক্রেটারি মোহাম্মদ শাহাদৎ হোসেন। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ইউএসবিসিসিআই’র প্রেসিডেন্ট লিটন আহমেদ, যুক্তরাষ্ট্রের খ্যাতি অর্জনকারি খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নারগিস আহমেদ প্রমুখ।



