
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

একজনের ভাগ্যও প্রসন্ন হয়নি নৌকার মাঝি হতে। যুক্তরাষ্ট্র থেকে ডজনখানেক প্রবাসী মনোনয়ন প্রত্যাশায় আবেদন করেছিলেন। এর আগের নির্বাচনেও অনেকে চেষ্টা করে সফল হতে পারেননি। এবার অনেকটা আশাবাদী ছিলেন কয়েকজন। এর অন্যতম চট্টগ্রামের সন্দ্বীপের মো. আব্দুল কাদের মিয়া এবং বরগুণার বেতাগীর ড. মাহাবুবুর রহমান টুকু। তারা সারাবছরই এলাকার মানুষের পাশে ছিলেন। দলীয় কর্মকাণ্ড পরিচালনায়ও থাকেন সরব।
ছাত্রলীগের পথ বেয়ে আওয়ামী লীগের নীতি-আদর্শে নিবেদিত রাখা কাদের মিয়া এবং মাহাবুবুর রহমান টুকু দলের মনোনয়ন লাভে এবারও ব্যর্থ হলেও অসন্তুষ্ট নন বঙ্গবন্ধুর কন্যার সিদ্ধান্তে। ঢাকা থেকে উভয়েই ২৬ নভেম্বর টেলিফোনে উত্তর আমেরিকাস্থ বাংলাদেশ প্রতিদিন অফিসকে জানান, ‘নেত্রী যাকে ভালো মনে করেছেন, অধিকতর যোগ্য ভেবেছেন, তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা এলাকার নেতা-কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিতে সংঘবদ্ধ থাকার জন্যে।’
যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি কাদের মিয়া ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক এবং জেবিবিএর প্রেসিডেন্ট ড. টুকু আরো উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের গুরুত্ব অপরিসীম। জননেত্রীকে আবারো বিজয় দিতে হবে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, এবার নৌকায় মনোনয়ন প্রত্যাশী মার্কিন প্রবাসীদের মধ্যে আরো ছিলেন সামাদ আজাদ, মোর্শেদা জামান, খোরশেদ খন্দকার প্রমুখ। এর বাইরে আরো কয়েকজন মনোনয়ন চেয়েছেন জাসদ, জাতীয় পার্টি, জেপি থেকে। বিএনপি নির্বাচনে গেলে আরো ডজনখানেক প্রবাসী মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন। এর অন্যতম হলেন নিউইয়র্কের ব্যবসায়ী ও যুবদলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস খান (শেরপুর), ফ্লোরিডা বিএনপি নেতা ও খ্যাতনামা ব্যবসায়ী দিনাজ খান (মুন্সিগঞ্জ) এবং নিউইয়র্ক মহানগর বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা (বরিশাল)।



