
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ঐক্য পরিষদ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত “সংখ্যালঘু কমিশন” গঠন করেননি, “সংখ্যালঘু সুরক্ষা আইন” পাস করেননি। শুধু তাই নয়, তিনি ঐক্য পরিষদের দাবি উপেক্ষা করে আসন্ন সংসদ নির্বাচনে ডজনখানেক চিহ্নিত সংখ্যালঘু বিদ্বেষী-সাম্প্রদায়িক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিয়েছেন, যাদের নাম ইতোমধ্যে মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ এতে ক্ষোভ প্রকাশ করছে এবং নিন্দা জানাচ্ছে।
ঐক্য পরিষদের তিন সভাপতি অধ্যাপক নবেন্দু দত্ত, ড. টমাস দুলু রায়, ও রণবীর বড়ুয়া এবং সাধারণ সম্পাদক ড. দ্বীজেন ভট্টাচার্য ৬ ডিসেম্বর প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে আরও বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী এরশাদ প্রণীত রাষ্ট্রধর্ম-ইসলাম আইনকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করেছে, এবং রামু থেকে কুমিল্লা পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের অপরাধীদের সুষ্ঠু বিচার না করে ধর্মীয় মৌলবাদী ও উগ্রপন্থিদের সংখ্যালঘু নির্যাতনে প্রশ্রয় দিয়েছে। এই সরকার সারাদেশে শত শত মডেল মসজিদ নির্মাণ করছে, কিন্তু একটিও নতুন মন্দির, প্যাগোডা বা গীর্জা নির্মাণ করেনি, যা সংখ্যালঘুদের প্রতি চরম বৈষম্যের দৃষ্টান্ত। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্তে¡ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথাকথিত প্রগতিশীল সরকার তাঁদের স্ব-প্রতিশ্রুত “সংখ্যালঘু সুরক্ষা আইন” পাস করেনি অথবা ”সংখ্যালঘু কমিশন” গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, যা স্পষ্টতই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণামূলক আচরণ।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এহেন আচরণ অপ্রত্যাশিত এবং কাম্য ছিল না। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক নারীর সম্ভ্রম, এবং জীবন রক্ষার তাগিদে প্রায় ১ কোটি হিন্দুর দেশত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এ উদাসীনতা বেদনাদায়ক। বর্তমান আওয়ামী লীগ সরকারের মৌলবাদী তোষণ নীতির ফলে দেশের সংখ্যালঘু নাগরিকদের অস্তিত্ব যেমন বিপন্ন হয়েছে তেমনি সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।’
বিবৃতিতে মহান বিজয় দিবসের প্রাক্কালে, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ এ আত্মঘাতী পথ পরিহার করে, মুক্তিযুদ্ধ ও একুশের চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর যে সকল আসনে সংখ্যালঘু বিদ্বেষী, সাম্প্রদায়িক ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে, সেগুলো অবিলম্বে বাতিল করে ঐসব আসনে জোট-শরিকদের প্রার্থী দেওয়ার দাবিও জানিয়েছেন নেতৃবৃন্দ। ঐক্য পরিষদ সরকারের কাছে তাঁদের প্রেরিত খসড়া অনুযায়ী “সংখ্যালঘু সুরক্ষা আইন” প্রণয়ন ও “মাইনরিটি কমিশন” গঠন পূর্বক ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আবারো জোর দাবি জানাচ্ছে।



