
বিশ্ব ডেস্ক | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যদি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। নতুন এক জরিপে এমনটি দেখা যাচ্ছে। ৫ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই জরিপ করে বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস। যুক্তরাষ্ট্রের ৪৪১১ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অনলাইনে সাড়া দেন। তাতে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে শতকরা ২ ভাগ সমর্থন বেশি পেয়েছেন। জরিপে শতকরা ৩৮ ভাগ মানুষ ট্রাম্পকে সমর্থন করেছেন। বাইডেনকে সমর্থন করেছেন ৩৬ ভাগ। শতকরা ২৬ ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেননি। বাইডেন ও ট্রাম্প উভয়েই জনগণের উদ্বেগের মুখে আছেন। এতে ভোটের ফল প্রভাবিত হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। উল্লেখ্য, বিরোধী দল রিপাবলিকান থেকে যে কয়েকজন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়েছেন, তার মধ্যে সুস্পষ্টভাবে ফ্রন্টরানার ট্রাম্প।
এই নির্বাচনে যদি ট্রাম্প ও জো বাইডেন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হন তাহলে তাদের প্রতিযোগিতা তীব্রতর হয়ে উঠবে। প্রতি দশ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৬ জনই যুক্তরাষ্ট্রে দুই দলীয় ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারা এক্ষেত্রে তৃতীয় একটি বিকল্প প্রত্যাশা করেন। এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়ার কারণ হলো টিকাবিরোধী প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের উত্থান। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে জো বাইডেনের সমর্থনে বেশি হানা দিতে পারেন কেনেডি। সমর্থন কেড়ে নিতে পারেন। কেনেডির ভোটের এই হিসাবকে মাথায় রেখে দেখা গেছে এক্ষেত্রে ট্রাম্পের সমর্থন এগিয়ে গেছে শতকরা ৫ ভাগে। এক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করেন শতকরা ৩৬ ভাগ। বাইডেনকে শতকরা ৩১ ভাগ এবং কেনেডিকে শতকরা ১৬ ভাগ মানুষ সমর্থন করেন।



