Advertisement Placeholder
নিউইয়র্কে সংবাদ সম্মেলন

‘ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’ হিন্দু ভোটারদের নিরাপত্তায় ৬ দফা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’ হিন্দু ভোটারদের নিরাপত্তায় ৬ দফা

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন ডা. প্রভাত দাস। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ‘ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ’র সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষায় ৬ দফা উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ নীতি-নির্ধারকদের সদয় পদক্ষেপ গ্রহণের আহবান সম্বলিত সুপারিশমালায় রয়েছে, ১) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, ২) ঝুকিপুর্ণ এলাকাগুলিতে প্রয়োজনে পুলিশ, বিডিআর এবং সামরিক বাহিনী নিযুক্ত করতে হবে, ৩) সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত বুলেটিন রেডিও টেলিভিশনে প্রচার করতে হবে, ৪) ধর্ম অবমাননার নামে হিন্দুদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট ব্যবহার বন্ধ করতে হবে, ৫) যুক্তরাষ্টের মত হেট ক্রাইম ও স্পীচ আইন অন্তর্ভুক্ত করে একটি কঠোর সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করে
অবিলম্বে জজ সাহাবুদ্দীন কমিশন কর্তৃক প্রদত্ত সংখ্যালঘু নির্যাতকদের বিচারের আওতায় আনতে হবে এবং ৬) অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় যে, আওয়ামী লীগ তার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছিল যে, নির্বাচনে জিতলে তারা একটি সংখ্যালঘু কমিশন গঠন করবে এবং একটি সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করবে, কিন্তু বিগত পাঁচ বছরে সেই প্রতিশ্রæতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রক্ষা করেননি। ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারেও একই প্রতিশ্রুতি রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে এই সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন ডা. প্রভাত দাস বলেন, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বিলটি পাশ করা হলে ২০২১ সালের পুজোয় সন্ত্রাসী হামলা হতো না, আর আজ আমাদের এমন দুশ্চিন্তাগ্রস্থ থাকতে হত না। বাংলাদেশে সন্ত্রাসের মাধ্যমে আমাদের ভাইবোনদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সেটা আমরা নীরবে মেনে নেব না। এটা ঠেকাতেই হেবে।
আয়োজক সংগঠনের সভাপতি ভজন সরকার বলেন, বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা ‘ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্র সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের সাথে কয়েকবার বাংলাদেশে হিন্দুদের টেকসই নিরাপত্তা নিয়ে বৈঠক করেছি। কিন্তু ফলাফল শুন্য। এজন্যে আমরা গণমাধ্যমের আন্তরিক সহায়তা চাচ্ছি আগের নির্বাচনের মত সামনের নির্বাচনেও যারা পরাজিত হবে তাদের জঘন্যতম আচরণের ভিকটিম যাতে হিন্দুরা না হোন।
সংবাদ সম্মেলনে হোস্ট সংগঠনের অন্যতম উপদেষ্টা ড. দিলিপ নাথ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। সেই পরিবেশ তৈরী করতে হবে। দিলিপ নাথ আরো বলেন, আমাদের ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে নয়, আমরা কাজ করছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। কারণ, বাংলাদেশ যদি সংখ্যালঘুহীন হয়ে পড়ে তাহলে তা আফগানিস্তানের মত ব্যর্থ-ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। অপর উপদেষ্টা শিতাংশু গুহ বলেন, প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করেছে এবং সকলকে আহবান জানিয়েছে ভোট কেন্দ্রে না যেতে। অপরদিকে আওয়ামী লীগ চাচ্ছে বেশি সংখ্যক ভোটারের উপস্থিতি। হিন্দু সম্প্রদায়ও উদগ্রিব হয়ে আছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। তাই যারা নিষেধ করছে কেন্দ্রে যেতে, তাদের রোষানলে পড়তে পারেন হিন্দুরা। সেই আশংকা থেকেই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সুশীল সিনহার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হোস্ট সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভবতোষ মিত্র। প্রশ্নোত্তর পর্বে আরো ছিলেন মনিকা রায় চৌধুরী, জয়দেব গাইন, নিত্যানন্দ কিশোর দাস, রামদাস ঘরামি, উত্তম কুমার সাহা, পরেশ ধর প্রমুখ।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, দেশে আরেকটি নির্বাচন আসন্ন। নির্বাচন উপলক্ষ্যে দেশে যে অস্থিরতা বিরাজমান, এর সুযোগ নিয়ে ২০০১ সালের অক্টোবর কিংবা ২০১৪ সালের জানুয়ারি মাসে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর যে বর্বর সহিংসতা চালানো হয়েছিল তার সম্ভাব্য পুনরাবৃত্তি ঠেকাতে আমরা আপনাদের সহযোগিতা চাই। দেশে এখন অগ্নি সন্ত্রাস চলছে। ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, এমনকি একজন পুলিশ অফিসারকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিরোধী দল এবং তাদের সমমনা দলগুলো নির্বাচন বয়কট করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে হিন্দুরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাইলে তাদের উপর ২০০১ সালের মত অত্যাচার চালানোর সমূহ সম্ভাবনা রয়েছে। হিন্দুদের উপর সম্ভাব্য সাম্প্রদায়িক সন্ত্রাস ঠেকানো এবং কোন দুর্ঘটনা ঘটে গেলে দ্রুত গতিতে সেটা মোকাবেলা করার মত যথেষ্ট ক্ষমতা যে প্রশাসনের নেই সেটা আমরা অতীতের অভিজ্ঞতা থেকে জানি। আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছি যে, সেনাবাহিনী কিছুদিন অন্তত: মাঠে থাকবে, কিন্তু আপনাদের (গণমাধ্যম কর্মী) মাধ্যমে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনার সহ সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানাতে চাই যে, নির্বাচনের পূর্বাপর সময়ে হিন্দুদের সুরক্ষার জন্য সেনাবহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, এবং বি.জি.বি. ও র‌্যাবকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হোক।
আলো বলা হয়েছে, বাংলাদেশ নামক ভূখন্ডে হিন্দু নির্যাতনের ইতিহাস দীর্ঘদিনের এবং এর হোতারা একটি চিহ্নিত গোষ্ঠী, তারা ধর্মীয় জাতীয়তাবাদী, মৌলবাদী ও উগ্রপন্থী, যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধী শক্তি, যারা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করে না, নারী-পুরুষের সম-অধিকার, নারীর শিক্ষা ও কর্মের অধিকার, শিল্পকলা, সঙ্গীত, গণতন্ত্র, অর্থাৎ আধুনিক মানব সমাজের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার কিছুতেই বিশ্বাস করে না। ঐ বর্বর গোষ্ঠী, ১৯৪৬ সালের ১০ অক্টেবর নোয়াখালী ম্যাসাকার দিয়ে এই ভূখন্ডে হিন্দু নির্যাতনের সূত্রপাত করেছিল, তারপর ১৯৫০-এ ভৈরব ব্রীজ ম্যাসাকার, ১৯৬৪ সালের ম্যাসাকার, ১৯৭১ সালের গণহত্যা, ধর্ষণ, ভিটেমাটি থেকে উচ্ছেদ, দেব-দেবীর মূর্তি ও দেবালয় ধ্বংস করেছিল তো বটেই, এমন কি সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশেও তারা তাদের সেই মধ্যযুগীয় বর্বরতার ধারা বজায় রেখেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ আমলে ১৯৭২ সালের অক্টোবরে পূজা মন্ডপ ও দেবীর প্রতিমা ধ্বংস করার মধ্য দিয়ে হিন্দু নির্যাতনের সূচনা করে বর্বররা। পরবর্তীতে নিয়মিতভাবে হিন্দু নির্যাতন করে এসেছে অসংখ্যবার। রামু, নন্দীরহাট, নাসিরনগর, সুনামগঞ্জ, সাঁথিয়া, বোরহানউদ্দীর, ঠাকুরগাঁও প্রভৃতি জায়গার ঘটনা এবং ২০২১ সালের পুজোয় নানুয়ার দিঘীর পাড় থেকে শুরু করে দেশের ২২টি জেলায় যুগপৎ হিন্দু নির্যাতনের ভয়াবহ ঘটনা এর অন্তর্ভুক্ত। ১৯৭১ সালে ৩০ লক্ষ বাঙালীর প্রান, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম, এবং অত্যাচারের মুখে ৯০ লক্ষ মানুষের দেশত্যাগের বিনিময়ে অর্জিত সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশেও হিন্দু নির্যাতনের এই নিষ্ঠুর প্রক্রিয়া অব্যাহত থাকবে সেটা ছিল অকল্পনীয়। অথচ বাস্তবে সেটাই ঘটে চলেছে।

আরো উল্লেখ করা হয়, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত এক দিকে হিন্দুদের প্রতি প্রতিটি সরকারের বৈষম্যমূলক আচরণ আর অন্য দিকে, ধর্মীয় জাতীয়তাবাদী, মৌলবাদী, ও উগ্রপন্থীদের মধ্যযুগীয় অত্যাচারের ফলে লক্ষ লক্ষ হিন্দু দেশত্যাগ করে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ভারতে, যেখানে তারা অবৈধ, পরিচয়হীন মানুষ হিসাবে আত্মগোপন করে বেঁচে থাকার চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বৈষম্যের উদাহরণ যদি জানতে চান তো ধরুন, ১৯৭২ সালে পাকিস্তানী আমলের শত্রু সম্পত্তি আইনকে বহাল রেখে হিন্দুদের কাছ থেকে প্রায় ২.৮ মিলিয়ন একর জমি অধিগ্রহন করে নিয়েছে সরকার। ১৯৭৪ সালে ইসলামী ফাউন্ডেশন করা হয়েছে, কিন্তু হিন্দু ফাউন্ডেশন করা হয়নি। মুক্তিযুদ্ধের সময় বিধ্বস্ত রমনা কালিবাড়ি পুনর্নিমানে সাহায্য করা তো দূরের কথা সেখানে যুগের পর যুগ হিন্দুদের প্রবেশাধিকারও দেওয়া হয়নি। একইভাবে বর্তমানে দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ প্রায় সম্পন্ন, কিন্তু একটি মন্দিরও নির্মাণ করা হয়নি। তাছাড়া বি.এন.পি., জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সকলে মিলে ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের ভাই বোন ও বন্ধু-বান্ধবদের দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিণত করেছে। আর নির্যাতনে সরকারের প্রত্যক্ষ ভূমিকার কথা যদি জানতে চান, তাহলে ধরুণ লোগাং ম্যাসাকারের কথা – বি.এন.পি. সরকার তো সরাসরি বি.ডি.আর. পাঠিয়ে আবাদীদের সঙ্গে মিলে ১৯৯২ সালের ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রামে লোগাং এ আদিবাসীদের গণহত্যা করে পুরো গ্রামটিকে বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছিল, যে ঘটনার নিন্দা করে ১৭ ইউএস কংগ্রেসম্যান সে বছরের ১৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিঠি লিখেছিলেন। আর ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে জেতার পর বি.এন.পি. এবং জামাত যৌথভাবে একরাতে ভোলার চর ফ্যাশনে এক স্পটে ২০০ হিন্দু মেয়েকে ধর্ষণ করেছিল। সেই সময় ধর্ষিতাদের মধ্যে হিন্দু মেয়ের হার ছিল ৯৭%। সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হিন্দু-প্রধান গ্রামগুলো আগুনে পুড়ে হিন্দুদের উচ্ছেদ করেছিল যা গার্ডিয়ান পত্রিকা রিপোর্ট করেছিল। সন্ত্রাসীরা বাঁশখালিতে শীল পরিবারের ১১ জনকে জ্যান্ত পুড়ে মেরেছিল বলতে গেলে পুলিশের চোখের সামনে, সেসব হৃদয় বিদারক ঘটনা তখন নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল।
আরো বলা হয়, অত্যাচারের মুখে দেশত্যাগ এবং ছলে-বলে ধর্মান্তরিত করার ফলে দেশে হিন্দুর সংখ্যা যেখানে ১৯৯৮ সালে ছিল মোট জনসংখ্যার ১৬% ( The World Fact Book 2010. CIA ), বর্তমানে সেটা নেমে এসছে ৭.৯৫%-এ (বাংলাদেশ সেন্সাস রিপোর্ট, ২০২২)। আর পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের হার বৃটিশ আমলে ছিল ৯৮ শতাংশ, বর্তমানে সেটা ৫০ শতাংশের নিচে নেমে গেছে। প্রফেসর আবুল বারাকাতের ভবিষৎ বাণী হল “তিরিশ বছর পর বাংলাদেশে কোন হিন্দু থাকবে না। পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যার প্রতিনিধিত্বের হারের গ্রাফটা আমাদের ঠিক বিপরীত। বাংলাদেশে হিন্দুদের বিলুপ্তি ঠেকাতে হলে, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে দমন করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার