
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১০৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সংবর্ধিত মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও আক্তারুজ্জামানের সাথে গ্রীণটাচের শীর্ষ কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশু-সন্তানদের লেখাপড়ায় সহায়তার পাশাপাশি আর্ত-মানবতার কল্যাণে এক দশকের অধিক সময় যাবত কর্মরত নিউইয়র্কস্থ ‘গ্রীণটাচ’র কার্যক্রমকে আরো বিস্তৃত করার সংকল্প ব্যক্ত করা হলো খ্রিষ্টীয় নতুন বছর-২০২৪ কে বরণের অনুষ্ঠানে। ৩১ ডিসেম্বর রবিবার অপরাহ্নে ‘গ্রীণটাচ’র কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিগত দিনের কার্যক্রম আলোকে একটি ডক্যুমেন্টারি প্রদর্শন ছাড়াও সুধীজনের আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহি এ সময় উল্লেখ করেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এজন্যে বিগত বছরগুলোতে নিরবে অনেক প্রকল্প বাস্তবায়িত করেছি। কিন্তু সময়ের প্রয়োজনে সেবামূলক কর্মকান্ডে আগ্রহী আরো বেশি মানুষকে সম্পৃক্ততার অভিপ্রায়ে সোস্যাল মিডিয়ায় যেতে হচ্ছে। সোস্যাল মিডিয়ার লিঙ্ক হচ্ছে গ্রীণটাচওয়ার্ল্ডডটঅরগ (www.greentouchworld.org )। এজন্যে নতুন প্রজন্মের নাকিব আহমেদ তমালের নেতৃত্বে একটি টিম কাজ করছে। গ্লোবাল সেন্ট্রাল টিম অব গ্রীণটাচ’ শীর্ষক এ টিমে আমার সাথে আরো রয়েছেন আশেক আলী, জাকির হোসেন বাচ্চু, জাকিয়া আকতার, সায়েদীন সাইমু প্রমুখ। ভিক্টর ইলাহি আরো বলেন, ২০১৭ সালে আমরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি এবং সেখানকার দু:স্থ মানুষের মধ্যে অনেকবারই ত্রাণ-সামগ্রি প্রেরণ করেছি। কুড়িগ্রাম, বগুড়া, কক্সবাজার, মাগুরা, মাদারিপুর, গাজিপুর, যশোহরসহ বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের গরিবের চেয়েও গরিব পরিবারের সন্তানদের শিক্ষা-সামগ্রি প্রেরণ করছি। নিউইয়র্ক সিটিতে ময়লা-আবর্জনা পরিস্কারের কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। ভিক্টর ইলাহি আশাপোষণ করেন যে, নতুন বছরে সেবামূলক কর্মকান্ডে বিপ্লবসাধন করবেন।
ভিক্টর ইলাহি আরো বলেন, নতুন বছর শেষে অর্থাৎ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পুনরায় আমরা মিলিত হয়ে সারা বছরের কার্যক্রম নিয়ে আলোচনা-পর্যালোচনা করবো। ব্যর্থতা থাকলে তা থেকে শিক্ষা নিয়ে ২০২৫ সালের কর্মপরিকল্পনা হাতে নেব। এজন্যে দরকার সচেতন প্রবাসীগণের আন্তরিক সহায়তা।
নতুন বছরের কর্মপরিকল্পনা আলোকে বক্তব্য রাখেন জাকির হোসেন বাচ্চু, যশোর সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ডালিয়া করিম প্রমুখ। অনুষ্ঠানে দুই বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং আক্তারুজ্জামানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁরা উভয়ে একাত্তরের স্মৃতিচারণ এবং প্রবাস প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক অবহিত করতে গ্রীণটাচের এই সোস্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম হবে বলে উল্লেখ করেন।



