
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্ঘুম রাত শেষে বিজয়ের হাসি আমেরিকা প্রবাসীদের। বিএনপি-জামাতের বর্জনের ডাক প্রত্যাখ্যান করে ভোটারদের নির্বাচনে অংশ নেয়ার পরিবেশ তৈরীর জন্যে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ দিয়েছেন প্রবাসের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরা। ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত এই নির্বাচনকে সত্যিকার অর্থেই ভয়-ভীতি মুক্ত রেখে পছন্দের প্রার্থীকে ভোট দানের যে পরিবেশ বিরাজ করছিল তা সত্যি আনন্দের। আর যারা নির্বাচন বর্জনের ডাক দিয়ে ২৮ অক্টোবর থেকে জ্বালাও-পোড়াও, খুন-খারাবিসহ নাশকতার আশ্রয় নিয়েছিল, বাঙালিরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছেন’-মন্তব্য কম্যুনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’র প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. আতিকুর রহমানের।
বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীদের পক্ষে বাংলাদেশে নিরপেক্ষ পরিবেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউ আমেরিকান ভোটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ড. দিলীপ নাথ, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. প্রদীপ কর, জেবিবিএর প্রেসিডেন্ট ড. মাহাবুবুর রহমান টুকু, মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু এবং খোরশেদ খন্দকার, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান ও মোর্শেদা জামান।
উল্লেখ্য, নির্বাচন শুরু হয় যুক্তরাষ্ট্র সময় রাত ৯টায় এবং ভোট গ্রহণ শেষ হয় রবিবার ভোর ৫টায় অর্থাৎ সারারাত সিংহভাগ প্রবাসীই টিভির সামনে ছিলেন। এমনকি নির্বাচন বর্জনের ডাক দেয়া বিএনপি-জামাত-শিবিরের সমর্থকরাও ছিলেন টিভির সামনে। তারা আশা করেছিলেন ভোট কেন্দ্রে তুৃমুল মারপিটের ঘটনা ঘটবে অথবা জাল ভোটের কাণ্ড প্রত্যক্ষ করবেন। কিন্তু তেমন প্রবাসীরা হতাশ হয়েছেন। আর উল্লাস করছেন সচেতন বাঙালিরা। কারণ শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ।



