
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে ৪%। শনিবার প্রকাশিত এ জরিপ রিপোর্ট অনুযায়ী ঠিক এখনই যদি নির্বাচন হয় তাহলে ৪৮% মানুষ ট্রাম্পকে ভোট দেবেন। জো বাইডেনের পক্ষে ভোটে প্রদানের কথা জানিয়েছেন ৪৪% আমেরিকান। নির্বাচনের ৯ মাস আগে পরিচালিত এই জরিপে বাইডেনের জনপ্রিয়তা হ্রাসের যুক্তি হিসেবে বলা হচ্ছে, হামাস-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সামলাতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ইমিগ্রেশন ইস্যুতেও সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হননি। বয়সের ব্যাপারটিও রয়েছে।
উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারীদের ৪৭% বাইডেনের নেতৃত্বে হতাশা ব্যক্ত করেছেন। এর আগে নিউইয়র্ক টাইমস/ সিয়েনা কলেজ পরিচালিত আর কোনো জরিপেই প্রেসিডেন্ট বাইডেনের প্রতি এত বেশী আমেরিকানের বিরুপ মনোভাবের প্রকাশ ঘটেনি। এ জরিপ ফলাফল প্রসঙ্গে বাইডেনের নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেইলার বলেছেন, জরিপ পরিচালনাকারিরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অতিরিক্ত মূল্যায়ন করেছেন। বাইডেনকে অবমূল্যায়ন করা হয়েছে। এটা জরিপের সত্যিকারের প্রতিফলন নয়। সেজন্যে আমরা এই জরিপ নিয়ে মাথা ঘামাচ্ছি না।
সরেজমিনে আমরা যাচ্ছি এবং দলীয়ভাবে তালিকাভুক্ত নন এমন ভোটারের মতামতও জানছি। সর্বত্র বাইডেনের প্রতি আস্থা অত্যন্ত দৃঢ়। এবং আমেরিকার সামগ্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি ভোটারই শেষ পর্যন্ত বাইডেনকে বিজয় দেবেন, যেমন ২০২০ সালে দিয়েছেন, এটা আমরা সর্বান্তকরণে মনে করছি।



