
প্রতিদিন ডেস্ক | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিহত অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) রাত থেকে উত্তেজনা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ ঘটনায় ৬ দফা দাবি উত্থাপন করে শনিবার ১৬ মার্চ বিক্ষোভ করেন অবন্তিকার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
এ বিষয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইভান তাহসিভ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারসহ আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী সোমবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে ‘পিসি পার্ক স্মরণিকা’ নামে ১০ তলা ভবনের দ্বিতীয় তলার নিজেদের বাসায় আত্মহত্যা করেন তিনি।
ফাইরুজ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে।



