Advertisement Placeholder
বাংলাদেশ প্রতিদিনকে ফারহান হক

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে জাতিসংঘ যা বললো

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে জাতিসংঘ যা বললো

ডেপুটি স্পোকসপার্সন ফারহান হক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবিতে বাংলাদেশের ১৭ কোটি মানুষ এদিন রাত ১১টা থেকে এক মিনিট ‘প্রতিকী ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করেছে। গত দেড় দশক ধরেই এ আকুতি প্রকাশ পাচ্ছে বাঙালিদের কাছ থেকে। এটা এখন আমরা সকলেই জানি ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে শুরু পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা সেই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ওরা ত্রিশ লাখ নিরীহ মানুষকে হত্যা করেছে । ২৫ মার্চ দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতা জানতে চেয়েছিলেন বাঙালিদের দাবির ব্যাপারে জাতিসংঘের অভিমত। জবাবে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ঠিক আছে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোন ভূমিকা নেই। তবে অবশ্যই আমরা গভীরভাবে সহানুভূতি জানাচ্ছি একাত্তরের শহীদের স্বজনের প্রতি। এবং আমাদের অন্তরাত্মা বাংলাদেশের মানুষের মতোই আর্তনাদ করে ১৯৭১ সালের ভিকটিমদের জন্যে এবং অপূরনীয় যে ক্ষতি হয়েছে তা আমরা স্মরণ করছি। ফারহানের এ বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, প্রচলিত রীতি অনুযায়ী সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রেজ্যুলেশনটি উত্থাপন করতে হবে।
জাতিসংঘের স্থায়ী এ সংবাদদাতার অপর প্রশ্ন ছিল বাংলাদেশে আইনের শাসন নিয়ে। ‘বাংলাদেশের বিরোধী দলীয় নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেফতারের ব্যাপারে ঢাকায় গণমাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, কারাগারে রাজবন্দী বা রাজনৈতিক বন্দির মতো কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর করেছে, যারা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে, যারা আধা সামরিক বাহিনীর কর্মীদের পিটিয়ে হত্যা করেছে, কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা অপরাধী এবং এটি আইনের শাসনের জন্য অপরিহার্য ছিল।’ তারপরও তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো কেন বাংলাদেশে আইনের শাসন নেই বলে শোরগুল করছে? এ বিষয়ে জাতিসংঘের কি কোনো মতামত আছে? জবাবে ফারহান হক বলেন, আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেকার বিতর্কে জড়িয়ে পড়তে চাই না। আমি মনে করি মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রমকে নির্বিঘ্নে চলতে দেয়া এবং তাদের বক্তব্য শোনা খুবই গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের উপরোক্ত বক্তব্যের ব্যাপারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে এ মোমেন এমপি ঢাকা থেকে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০১২ সাল থেকেই আমরা এ দাবি নিয়ে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিগণের সাথে দেন-দরবার শুরু করেছিলাম। সে সময় মুক্তিযুদ্ধের ঘনিষ্ঠ বন্ধু ভারত ও রাশিয়াসহ কয়েকটি দেশের স্থায়ী প্রতিনিধিরা বলেছিলেন, যে দাবি নিয়ে তাদের সমর্থন চাচ্ছি, সেটি তো বাংলাদেশেরই স্বীকৃতি পায়নি। এরপর আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানালে ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় সংসদে গণহত্যা দিবসের স্বীকৃতির বিল পাশ হয়েছে। এখন আর কোন সমস্যা হবে না পুনরায় দেন-দরবার শুরু করলে। ড. মোমেন অবশ্য উল্লেখ করেন যে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি সংস্থা বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে, গত ১৮ বছরের মত এবারও ঐ দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে র‌্যালি করেছে ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন’। এ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান ড. প্রদীপ কর র‌্যালিতে বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের সাথে আমরা দেন-দরবার অব্যাহত রেখেছি। সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে তাহলে হয়তো তা পাশ হবে। এজন্যে প্রবাসীদেরকেও সোচ্চার থাকতে হবে। র‌্যালির সময় একাত্তরের গণহত্যার চিত্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ‘ওয়াল ম্যাগাজিন’ প্রদর্শনীও করা হয়-যা ভিন্নদেশী পথচারিদের দৃষ্টি কেড়েছে। র‌্যালি থেকে মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় জাতিসংঘ কর্মকর্তাগণের মাধ্যমে। এ র‌্যালিতে অন্যান্যের মধ্যে কথা বলেন আব্দুর রহিম বাদশা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, হাকিকুল ইসলাম খোকন, রশেম চন্দ্রনাথ, জালালউদ্দিন জলিল, আকতার হোসেন, এডভোকেট শাহ মো. বখতিয়ার, রীনা আবেদীন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার