
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দুই ঘন্টায় ২৫ মিলিয়ন ডলার সংগ্রহ হলো প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিলে। ২৮ মার্চ বৃহস্পতিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির বিনোদন রাজধানী খ্যাত রেডিও সিটি মিউজিক হলে অনুষ্ঠিত এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেনের পাশে ছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বারাক ওবামা। ৫ সহস্রাধিক ধনাঢ্য আমেরিকান অংশ নেন এই অনুষ্ঠানে। মাথাপিছু চাঁদার পরিমাণ ছিল আড়াই শত ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত। এর বাইরে আরো লাখ ডলার করে নেয়া হয় তিন প্রেসিডেন্টের সাথে ছবিতে পোজ দেয়ার জন্যে। সাম্প্রতিক বছরগুলোতে কোন তহবিল সংগ্রহের অনুষ্ঠানেই একইসাথে এত অর্থ আয়ের ঘটনা এটাই প্রথম বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। এরফলে বাইডেনের নির্বাচনী তহবিল আরো স্ফিত হলো।
নাচ আর গানে পরিপূর্ণ অবস্থায় এই তিন প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনে বাইডেনের আবারো বিজয় কেন প্রয়োজন তা আলোকপাত করেন। তারা ডেমক্র্যাটদের ইউনিটির জানান দিলেন এবং চলমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার নেতৃত্ব অটুট রাখতে জো বাইডেনের বিজয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, একইদিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন নিউইয়র্ক সিটির অদূরে লংআইল্যান্ডে আরেকটি অনুষ্ঠানে। সেটি ছিল তিনদিন আগে কুইন্সে দুর্বৃত্তের গুলিতে নিহত এক পুলিশ অফিসারের অন্ত্যেস্টিক্রিয়া এবং সেখানে শতশত শোকার্ত পুলিশ অফিসারের সাথে ট্রাম্প মিলিত হন এবং সহানুভূতি জানান। সেখানেও ট্রাম্প বাইডেনকে আক্রমণাত্মক বক্তব্য দিতে কসুর করেননি। অর্থাৎ সাবেক ৩ প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্টের একইসাথে উপস্থিতিতে নিউইয়র্ক সরগরম হয়ে উঠেছিল আসন্ন নির্বান কেন্দ্রিক কথকথায়।
আমেরিকা তথা বিশ্বের নামী-দামি শিল্পী-অভিনেতা-অভিনেত্রীগণের সরব উপস্থিতির এ অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘আমাদের গণতন্ত্র প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে, ঠাট্টা করছি না-এটাই বাস্তবতা। আমি মনে করি গণতন্ত্র আক্ষরিক অর্থেই প্রচন্ড ঝুঁকিতে। আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে। ওবামা ও ক্লিনটন উভয়েই বাইডেনের চলতি মেয়াদের বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রসঙ্গ করে তাকে পুনরায় নির্বাচিত করার উদাত্ত আহবান জানান। তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা কভারেজ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, ইন্স্যুলিনের দাম কমানো এবং গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ক্ষোভ প্রশমনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নিজের নেতৃত্বের যোগ্যতার পথে ঐতিহাসিক অবস্থানে রয়েছেন বাইডেন।
একইসাথে বাইডেনের তহবিল সংগ্রহের সমাবেশের বাইরে তুমুল বিক্ষোভ হয়েছে গাজা পরিস্থিতি মোকাবেলায় বাইডেনের সবিরোধী আচরণের নিন্দা ও প্রতিবাদে।



