
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে

পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি আমেরিকান উইন রোজারিয়োর বাবা ফ্রান্সিস রোজারিয়ো এ সংবাদদাতাকে বলেন, ন্যায় বিচার না পেলে আরো অনেক মা-বাবা একই পরিস্থিতির ভিকটিম হবে-এতে কোন সন্দেহ নেই। এজন্যে উইন হত্যার বিচারের জন্যে সকলকে সরব থাকতে হবে। এ মুহূর্তে এটাই আমার প্রার্থনা। ফ্রান্সিস আরো বলেন, উইন হত্যাকান্ডের পর কম্যুনিটির সর্বস্তরের মানুষ সহানুভ’তি জানিয়েছেন, এখনও জানাচ্ছেন। উল্লেখ্য, নিউইয়র্কে নিজ বাসায় মা ও ছোট ভাইয়ের সামনে ২৭ মার্চ দুপুরে পুলিশের গুলিতে নিহত উইন রোজারিয়ো (১৯)’র শেষ কৃত্যানুষ্ঠান হবে শনিবার সকালে কুইন্সের উডহ্যাভেনে ৮৭-৩৪ ৮০ স্ট্রিটে। । এর আগে তার কফিন বন্দি মরদেহ সর্বসাধারণের জন্যে উম্মুক্ত করা হবে। উইনকে দাফন করা হবে পাইন লোন সিমেট্রিতে।
এর একদিন পর সোমবার অপরাহ্নে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় উইন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ-সমবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা এসোসিয়েশন। জানা গেছে, উইনের জন্মস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিগঞ্জের হারবাইদ গ্রামে। উইন তার মা-বাবা-ছোট ভাইয়ের সাথে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
এদিকে, উইনের মা-বাবার পক্ষে লুথারেন চার্চের প্যাস্টর জ্যামস রয় ৩০ মার্চ রাতে এ সংবাদদাতাকে জানান, সোমবার নাগাদ উইনের লাশ পরিবারের কাছে হন্তান্তরের সম্ভাবনা রয়েছে। এরমধ্যেই ময়না তদন্তের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী ২৭ মার্চ ভর দুপুরে পুলিশের গুলিতে উইন খুন হবার পর ৩১ মার্চ ভোরে এ সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত পুলিশদ্বয়ের শরীরে থাকা ভিডিও ক্যামেরার ফুটেজ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এজন্যে উইনের পরিবারের পক্ষ থেকে ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বডি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে। এই ল’ ফার্ম এক্সপার্ট দিয়ে তদন্ত চালাচ্ছে বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন এটর্নী মঈন চৌধুরী।
অপরদিকে, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা উইনের মা-বাবার সাথে সাক্ষাৎ করে এহেন হত্যাকান্ডের জন্যে গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি সহানুভূতিও জানিয়েছেন। কন্সাল জেনারেল তাদেরকে যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগের অনুরোধ করেছেন।



