
বিশেষ সংবাদদাতা | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধান বিচারপতি জন রবার্টস
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসকে হত্যার হুমকি দিয়ে টেলিফোনে ম্যাসেজ রাখা নীল ব্রিজ সিধওয়ানি (৪৩) কে ১৪ মাসের কারাদন্ড প্রদান করা হলো। মঙ্গলবার ফেডারেল কৌসুলীরা এ তথ্য জানান। উল্লেখ্য, ফ্লোরিডার ফারনান্দিনা বীচের বাসিন্দা সিধওয়ানি নিজের পরিচয়সহ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে টেলিফোন করে ম্যাসেজ রাখেন যে, আমি তোমাকে উড়িয়ে দেব। মামলার নথিতে আরো জানা যায়, এই হুমকির পরের মাসেই তাকে গ্রেফতার করা হয়। কারাগারে আটকাবস্থায় গত ডিসেম্বরে সে দোষ স্বীকার করে। এজন্যে সর্বোচ্চ ৫ বছরের দন্ডের পরিবর্তে মাত্র ১৪ মাসের কারাদন্ড দেয়া হলো বলে সরকারি কৌশলীরা জানান। জানা গেছে, মামলায় প্রধান বিচারপতিকে হত্যার হুমকি দেয়া হয়েছে উল্লেখ করা হয়নি। তবে ‘ভিকটিম-১’ হিসেবে উল্লেখ করা হয়। তবে মামলার শুনানীকালে মাননীয় আদালত যথন সিধওয়ানিকে মানসিক চিকিৎসার নির্দেশ দেন, সে সময় প্রধান বিচারপতি জন রবার্টসকে হত্যার হুমকি দেয়া হয় বলে উল্লেখ ছিল। পরবর্তীতে নামটি মুছে সেখানে ‘ভিকটিম-১’ উল্লেখ করা হয়।
এদিকে, মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ সংবাদে প্রকাশ, ফেডারেল কোর্টের বিচারপতি এবং কর্মকর্তাগণকে হত্যা/নাজেহালের হুমকি প্রদানের ঘটনা চরমে উঠেছে। ২০২৩ অর্থ বছরে সে সংখ্যা দাড়ায় ৪৫৭টি। আগের অর্থ বছরে তা ছিল ২২৪টি। এ অবস্থায় গতমাসে প্রেসিডেন্ট বাইডেন বিচারক এবং বিচারালয়ের নিরাপত্তা সুসংহত করতে আরো ৩৮ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছেন।



