Advertisement Placeholder

বাঙালিত্ব জাগ্রত রাখার সংকল্পে টাইমস স্কোয়ারে বৈশাখ বরণ উৎসব

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঙালিত্ব জাগ্রত রাখার সংকল্পে টাইমস স্কোয়ারে বৈশাখ বরণ উৎসব

চিরায়ত বাংলার ঐতিহ্যেমন্ডিত পরিবেশে বিশ্বখ্যাত নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলা নতুন বছরকে বরণের বর্ণাঢ্য অনুষ্ঠান হলো শনিবার অপরাহ্নে। বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড’ এর উদ্যোগে টাইমস স্কোয়ারে বিপুল উৎসাহে এটি ছিল ‘এসো হে বৈশাখ-এসো এসো’ আবাহনে দ্বিতীয় আয়োজন। বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা অভিনেতা-সংগঠক হাসান ইমাম উদ্বোধনী বক্তব্যে বলেন, বহুজাতিক সিটির প্রাণকেন্দ্রে বাঙালি আমেজে বাংলা নতুন বছর বরণে ‘মঙ্গল শোভাযাত্রা’য় শরিক হতে পেরে আমিও অভিভ’ত, আনন্দিত। আমার মনে হচ্ছে আমি যেন বাংলাদেশেই দিবসটি উদযাপন করছি। এভাবে বাঙালির সংস্কৃতিকে বিশ্বময় উদ্ভাসিত করতে, জাগ্রত রাখতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরব থাকতে হবে।

এ সময় গতবছরের আয়োজনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও অভিনত্রী লায়লা হাসান বলেন, বাংলা সংস্কৃতি, কৃষ্টির সাথে প্রবাস প্রজন্মকে জড়িয়ে রাখার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমাদের দেখিয়ে যাওয়া সাংস্কৃতিক কর্মকান্ড সামনের দিনগুলোতে নতুন প্রজন্ম ধারণ ও লালনে উৎসাহিত হবে বলে আশা করছি।

Boishakh-times square-2

বিশেষ সম্মানীত অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মুছে যাক গ্লানি মুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’, আজ আমাদের এখানে অগ্নিস্নান নেই কিন্তু তার পরেও এই ঝঞ্জা আর বৈরী আবহাওয়ায় আমাদেরকে পহেলা বৈশাখ উদযাপনে ব্যাঘাত ঘটাতে পারেনি, পারবেও না। কারণ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। আমাদের আবহমান বাংলার যে ঐতিহ্য, সে ঐতিহ্যের একটি সুবৃহৎ প্রকাশ। পহেলা বৈশাখ প্রকৃত অর্থেই একটি সার্বজনীন উৎসব যেখানে সব মানুষ একত্রিত হতে পারে, তাদের নতুন বছরের যে আকাঙ্খা তা প্রকাশের জন্য, বিগতদিনের ব্যর্থতা আর গ্লানি, আমাদের যে অপূর্ণতা, অপ্রাপ্তি তাকে পেছনে ফেলে আমাদের যে সফলতা আছে, যতটুকু অর্জন আছে, যে আশা আছে, তার ওপর ভিত্তি করে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে চাই। আমরা নতুন করে জীবনকে সাজাবো নতুন বছরেও-সেই শপথ নেব এবং পয়লা বৈশাখের যে মিলনমেলা এটি আসলে আমাদের সামাজিক এবং ব্যক্তিগত যে সৌহার্দ, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতিকে শক্তিশালী করে এবং নিজেদের মধ্যে সাম্প্রদায়িক এবং সামাজিক যে সম্পৃক্ততা তার একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে। কন্সাল জেনারেল বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, সেখানে আমরা সব মত আর পথের মানুষ একত্রিত হয়ে পয়লা বৈশাখকে আমরা বরণ করি, উদযাপন করি।

সিটি মেয়রের পক্ষে তার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার সকলকে বাংলা নতুন বছর বরণের এ আয়োজনে স্বাগত ও অভিনন্দন জানান। বাংলা নতুন বছরকে বরণের এ উৎসা-উদ্দীপনার মধ্যদিয়ে প্রকারান্তরে এই সিটির সাংস্কৃতিক ঐতিহ্যই দৃশ্যমান হচ্ছে।

আবহাওয়া কিছুটা বৈরী হওয়ায় উপস্থিতিতে ঘাটতি পরিলক্ষিত হলেও যারা বাঙালি পোশাকে এসেছিলেন তাদের মধ্যে প্রাণের আকুতিতে বিন্দুমাত্র কমতি ঘটেনি। তোফাজ্জল লিটনের সঞ্চালনায় প্রতিকী এই মঙ্গল শোভাযাত্রায় হোস্ট সংগঠনের প্রধান বিশ্বজিৎ সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এরপরই শুরু হয় মূলমঞ্চে বৈশাখ বরণের বিস্তারিত কর্মসূচি। তা সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন লেখক-সাংবাদিক শামিম আল আমিন এবং প্রিয়মুখ-উপস্থাপক ফাতেমা সাহাব রুমা।

উল্লেখ্য, সহস্রকণ্ঠে বৈশাখ বরণের এ আয়োজনের দ্বিতীয় দিন রোববার সিটির জ্যাকসন হাইটসে বৈশাখী মেলার পাশাপাশি চলে বাঙালিত্ব দৃশ্যমান করার নাচ, গান, পুথিপাঠ ইত্যাদি। খ্যাতনামা শিল্পীর মধ্যে ছিলেন মমতাজ এবং পার্বতী দাস বাউল। সমবেত সঙ্গীতের নির্দেশক আর পরিচালনায় ছিলেন মহিতোষ পাল তাপস। প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বৈশাখ বরণের সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন জিএফবি গ্রুপের সিইও গোলাম ফারুক ভূইয়া, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী শাহ এ সরোয়ার প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার