
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে। দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে তিনি কথা বলেছেন। কিছু ক্ষেত্রে সংস্কার করলে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার অভিপ্রায়ও তারা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে হতাশ বিএনপি। দলটির নেতাদের মাথায় হাত উঠেছে।
শনিবার (১৮ মে) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ তহবিল আছে। সেখান থেকে সাহায্য করার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে তারা। সুতরাং, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি।
মন্ত্রী বলেন, এবার আমরা স্লোগান দিয়েছি ‘স্মার্ট বাংলাদেশ’। স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্ন্যান্স এবং স্মার্ট পিপলস। আমাদের অভিযাত্রাকে আটকে দিতে চায় বিএনপি ও তাদের দোসররা। সে কারণেই নানা ষড়যন্ত্র।
বিএনপি একটি জালিয়াত রাজনৈতিক দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে বিএনপি হাজির করেছিল। কংগ্রেসম্যানদের সই জাল করেছিল। ভারতের অমিত শাহ ফোন করেছেন– এমন ভুয়া তথ্যও ছড়িয়েছিল। এখন মাঝেমধ্যে দেখি জি এম কাদেরেরও মাথা খারাপ হয়ে যায়।
তিনি বলেন, নির্বাচনের আগে আমরা দেখেছি, বিএনপি বিভিন্ন দূতাবাসে নির্বাচন বন্ধ করতে দেনদরবার করত। কিন্তু কোনো লাভ হয়নি। নির্বাচন হয়েছে; ৪২ শতাংশ ভোট পড়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পরে মন্ত্রী এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন।



